পদ্মায় সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন: ৫ মাস বিদ্যুৎহীন দেড় হাজার পরিবার
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিশুদের পড়াশোনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। কৃষিকাজেও দেখা দিয়েছে সেচসংকট।
পাঁচ মাসের বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন ফরিদপুরের পদ্মাবেষ্টিত চরাঞ্চলের প্রায় দেড় হাজার পরিবার।
নদীর তলদেশে থাকা সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন ও চর নাসিরপুর ইউনিয়নের কিছু এলাকার বাসিন্দা এ দুর্ভোগে পড়েছেন।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিশুদের পড়াশোনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। কৃষিকাজেও দেখা দিয়েছে সেচসংকট।
সদরপুর উপজেলার চরাঞ্চল দিয়ারা নারিকেলবাড়িয়ায় পৌঁছাতে প্রথমে ট্রলারে পদ্মা নদী পাড়ি দিতে হয়। পরে কোথাও বাঁশের সাঁকো, কোথাও কাদামাখা পথ পেরিয়ে যেতে হয় দুর্গম ওই এলাকায়।
স্বাধীনতার প্রায় ৫০ বছর পর পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে ২০২১ সালে এ চরাঞ্চলের মানুষ প্রথমবার বিদ্যুতের সুবিধা পায়। এতে এ অবহেলিত জনপদের বাসিন্দাদের জীবনযাত্রায়ও ব্যাপক পরিবর্তন আসে।
ঘরে ঘরে ব্যবহৃত হতে শুরু করে টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, পানির মোটরসহ বিভিন্ন সরঞ্জাম। তবে সংযোগ চালুর এক বছরের মধ্যেই ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। পরে কয়েক দফায় মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও বারবার একই সমস্যার মুখে পড়ছেন স্থানীয়রা।
সর্বশেষ গত ৮ জুন ক্যাবল ছিঁড়ে যাওয়ার পর থেকে টানা পাঁচ মাসের বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
নারিকেলবাড়িয়া এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. কুসুম আক্তারী বলেন, “চরাঞ্চলে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর শিশুরা পড়তে চায় না। বিদ্যুৎ থাকলে শিক্ষার্থীদের এই সংকট অনেকটাই কমে যেত।”
বিদ্যুতের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে না পারায় ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কমে গেছে বৈদ্যুতিক পণ্যের বিক্রি।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল ফরিদ মাতুব্বর বলেন, বিদ্যুৎ আসার পর দোকানে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম তুলেছিলেন। কিন্তু দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় সেগুলো বিক্রি হচ্ছে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি।
এদিকে ক্যাবল ছিঁড়ে যাওয়ার কারণ নিয়ে সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যানের বক্তব্যেও দেখা দিয়েছে ভিন্নতা।
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের অভিযোগ, সংযোগ চালুর পর থেকে তিনবার সাবমেরিন ক্যাবল ছিঁড়েছে। নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ক্যাবল ব্যবহারের কারণেই বারবার এমন ঘটনা ঘটছে।
অন্যদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন কিংবা নৌযানের নোঙর ফেলার কারণে সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়। ”
তবে বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের দিকে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া গেছে।
এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর পাশাপাশি স্থানীয়দের দাবি, সাময়িক মেরামত নয়, বারবার ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে।
