আবাসন কোম্পানির কাছ থেকে কোটি টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
রয়েল অ্যাপার্টমেন্ট বিল্ডার্স নামে একটি কোম্পানির অফিসে ঢুকে এক অফিস সহকারীকে মারধর ও চাঁদা দাবি করেন আট-দশ জন।
ঢাকার মোহাম্মদপুরে একটি আবাসন কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম।
ওই ছয়জন হলেন- মো. শুভ (৩৬), মো. ইলিয়াস (২২), মো. মহসিন, মো. রিফাত (২০), ইমন মৃধা (১৮) ও সাব্বির (২২)।
মামলার অভিযোগের বরাতে ওসি বলেন, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে আট-দশ জন নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর সড়কে রয়েল অ্যাপার্টমেন্ট বিল্ডার্স নামে একটি কোম্পানির অফিসে ঢুকে ইজহারুল হক সেতু নামে একজনের খোঁজ করেন। তখন অফিস সহকারী ইমরান এগিয়ে এসে বলেন তিনি নেই।
সেসময় তারা সেতুর নাম ধরে গালিগালাজ করলে ইমরান প্রতিবাদ করেন। এতে ইমরানকে তারা মারধর ও চাপাতি দিয়ে কোপান। এরপর এক কোটি টাকা চাঁদা দাবি করেন। ইমরানের ডাক চিৎকারে হামলাকারীরা চলে যান।
ওই ঘটনার সিসিটিভি ভিডিও দেখে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
