১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হাজারীবাগে বাসা থেকে ১২ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 06:52 PM

Updated : 11 Oct 2026, 06:52 PM

রাজধানীর হাজারীবাগে একটি ভাড়া বাসা থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নুসরাত জাহান সুমনা নামের ১২ বছর বয়সি মেয়েটিকে শনিবার রাত ১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার এসআই বাসু দেব সরকার বলেন, জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ গজমহল শিকারিটোলা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের ওই ভাড়া বাসায় যায়। সেখানে সুমনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পরে পরিবারের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বাসু দেব সরকার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সুমনা নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সুমনা স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে গজমহল শিকারিটোলা এলাকার ৯৩/৪ নম্বর বাসার সুমন আলীর মেয়ে।