Published : 23 Jul 2023, 06:49 PM
ঢাকার সূত্রাপুরে নিজের বাসায় প্রেমিকাকে হত্যার মামলায় গ্রেপ্তার কলেজ ছাত্র আদালতে জবানবন্দি দিয়েছেন।
রোববার ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ।
এ দিন ওই ছাত্রকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই ফিরোজ আলী। এরপর আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
আদালতের নিবন্ধন কর্মকর্তা রনপ কুমার ভক্ত জানান, ওই কলেজ ছাত্র জবানবন্দিতে বলেছেন, তার হত্যার উদ্দেশ্য ছিল না। ‘রাগের মাথায়’ এ কাজ করেছেন।
পুলিশ জানায়, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রের সঙ্গে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের এক ছাত্রীর প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবার জানত, কিন্তু মেয়ে মুসলমান এবং ছেলে হিন্দু হওয়ায় নানা ধরনের কথা হত। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছিল।
শনিবার সকালে মেয়েটি সূত্রাপুরে প্রেমিকের বাসায় যায়। সেখানে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলেটি ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেয়েটিকে হত্যা করে।
পরে খবর পেয়ে ছেলেটির মা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। এ ঘটনায় মেয়েটির বাবা সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।