১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রেমিকের বাসায় কলেজ ছাত্রী খুন, ছেলেকে ধরিয়ে দিলেন মা

“তাদের প্রেমের কথা দুই পরিবার জানত, কিন্তু মেয়ে মুসলমান এবং ছেলে হিন্দু হওয়ায় বিষয়টি নিয়ে নানা কথা হত। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছিল।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 09:06 PM

Updated : 22 Jul 2023, 10:31 PM

ঢাকার সূত্রাপুরে প্রেমিকের বাসায় গিয়ে এক কলেজ ছাত্রীর খুন হওয়ার খবর দিয়েছে পুলিশ।

রোববার দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে ছেলেকে বাসায় আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন মা।

লালবাগ বিভাগের কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিনা আলম জানান, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রের সঙ্গে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ওই ছাত্রীর প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক।

“বিষয়টি দুই পরিবার জানত, কিন্তু মেয়ে মুসলমান এবং ছেলে হিন্দু হওয়ায় বিষয়টি নিয়ে নানা ধরনের কথা হত। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছিল।”

পুলিশ কর্মকর্তা শারমিনা বলেন, “সকালে মেয়েটি সূত্রাপুরে ছেলেটির বাসায় যায়। সেখানে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলেটি ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেয়েটিকে হত্যা করে।”

সূত্রাপুর থানার ‍ওসি মইনুল ইসলাম জানান, ছেলেটির বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে; ওই বাসায় ছেলেটির সাথে থাকত শুধু তার নার্স মা। ঘটনার সময় মা ছিলেন হাসপাতালে।

“মেয়েটিকে হত্যার পর ছেলেটি তার মাকে ফোনে ঘটনা জানায়। এরপর তার মা ছুটে এসে ছেলেকে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং ছেলেটিকে গ্রেপ্তার করে।”

মেয়েটির গলায় দাগ ছাড়াও কপালে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি মইনুল বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।