২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর হারানো পাসপোর্ট ফিরত দিতে টাকা দাবি, কাস্টমস সিপাহী গ্রেপ্তার

আছাদুল্লাহ পাসপোর্ট না দিয়ে নানাভাবে হুমকি দিতে থাকলে সজিব কৌশলে এপিবিএন দলকে ডাকেন। এপিবিএন সদস্যরা দ্রুত তখন আছাদুল্লাহ আটক করে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2023, 09:11 PM

Updated : 27 Dec 2023, 09:11 PM

বিমান বন্দরে এক প্রবাসীর ফেলে যাওয়া পাসপোর্ট ফিরত দিতে টাকা নিয়ে গ্রেপ্তার হয়েছেন ঢাকা কাস্টমস হাউজের এক সিপাহী।

আছাদুল্লাহ হাবিব (৩০) নামের ওই কাস্টমস কর্মীকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল।

গ্রেপ্তার আছাদুল্লাহ হযরত শাহজালাল বিমান বন্দরে দায়িত্ব পালন করতেন।

এ ঘটনায় প্রবাসী সজিব আহমেদ দক্ষিণখান থানায় একটি মামলা করেছেন।

ওই মামলায় আছাদুল্লাহ হাবিবকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমান।

মামলার তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় দুবাই থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন সজিব আহমেদ। তিনি বিদেশ থেকে পাঁচটি মোবাইল ফোন এনেছিলেন। সেগুলোর জন্য তিনি বিমানবন্দরের কাস্টমস কার্যালয়ে শুল্ক পরিশোধ করতে গিয়ে সেখানে তার পটাসপোর্টটি ফেলে আসেন।

বাসায় যাওয়ার পর তার হোয়াটসঅ্যাপ নম্বরে ভারতের একটি নম্বর থেকে কল করে তাকে বলা হয়, পাসপোর্ট ফেরত পেতে হলে এক লাখ টাকা দিতে হবে। পাসপপোর্টটি নিতে তাকে দক্ষিণখান থানা এলাকার পয়সা বাজারে যেতে বলেন ওই ব্যক্তি।

মামলায় বলা হয়, সজিব মঙ্গলবার বিমানবন্দর এপিবিএনের কাছে অভিযোগ করেন এ বিষয়ে।

অভিযোগ পেয়ে ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে ১৩ এপিবিএনের এসআই মীর ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে একটি দল সজিবকে আশিয়ান সিটির পয়সা বাজার এলাকায় যায়।

সেখানে আছাদুল্লাহর সঙ্গে দেখা করে সজিব তাকে এক লাখ টাকা দেন। কিন্তু আছাদুল্লাহ পাসপোর্ট না দিয়ে নানাভাবে হুমকি দিতে থাকলে সজিব কৌশলে এপিবিএন দলকে ডাকেন। এপিবিএন সদস্যরা তখন দ্রুত আছাদুল্লাহ আটক করে।

তার কাছ থেকে সজিবের এক লাখ টাকা ও তার পাসপোর্টটি উদ্ধার করা হয়।

পরে আছাদুল্লাহকে দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়।