২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমেছে শৈত্যপ্রবাহের বিস্তার

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমবে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 12:45 PM

Updated : 25 Jan 2024, 12:45 PM

একদিনের ব্যবধানে দেশজুড়ে তাপমাত্রা কিছুটা বেড়ে কমে এসেছে শৈত্যপ্রবাহের বিস্তার।

বুধবার যেখানে কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছিল, সেখানে বৃহস্পতিবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে কেবল নওগাঁ জেলা ও রংপুর বিভাগের ওপর দিয়ে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালের মতই আজ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। পরের দুই দিন আবহাওয়া তুলনামূলক ভালো থাকবে।”

বৃহস্পতিবার আবহাওয়ার বুলেটিনে অধিকাংশ পর্যবেক্ষণ কেন্দ্রের রেকর্ডে তাপমাত্রা কিছুটা বাড়ার চিত্র ধরা পড়েছে।

রাজশাহী বিভাগে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে কেবল নওগাঁর বদলগাছিতে। ২৪ ঘণ্টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে দিনাজপুরে, ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমবে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।