২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অত্যন্ত সফল: প্রেস সচিব

প্রেসিডেন্ট শি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুর্নব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 11:39 AM

Updated : 10 Sep 2026, 12:37 PM

বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে ফেইসবুকে এক পোস্টে এ কথা বলেছেন।

প্রেস সচিব বলেছেন, বৈঠকে প্রেসিডেন্ট শি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুর্নব্যক্ত করেছেন। 

স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকটি শুরু হয়।

পোস্টে শফিকুল আলম বলেছেন, বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। 

প্রেস সচিব লিখেছেন, শি বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে তার দেশ। 

“চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তর করবে। বাংলাদেশের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে রয়েছে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় রয়েছে।”

চার দিনের সফরে বুধবার চীনে পৌঁছান মুহাম্মদ ইউনূস। 

শি-এর সঙ্গে বৈঠকের পর মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।

বৈঠকে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

এদিন চীনের একটি হাইটেক পার্কে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সেখানে ইলেক্ট্রিক ভেহিকল, সোলার প্লান্ট ও চিপস কারখানা পরিদর্শন করবেন।

প্রধান উপদেষ্টা চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।

বেইজিংয়ে শি জিনপিং ও মুহাম্মদ ইউনূসের বৈঠক