ঢাকা ওয়াসার এমডি পদে তাকসিম সপ্তম বার
২০০৯ সাল থেকে এই পদে তিনি।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের মেয়াদ আবার বাড়িয়েছে সরকার। এ নিয়ে সপ্তমবারের মতো এই পদে নিয়োগ পেলেন তিনি।
তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মুস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার চাকুরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর ২০২৩ হতে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য সরকারের নির্দেশক্রমে জ্ঞাপন করা হল।”
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আগামী ১৪ অক্টোবর তাকসিমের ষষ্ঠ মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই পুনরায় নিয়োগ পেলেন তিনি। তার মেয়াদ বাড়াতে গত ১১ জুলাই সুপারিশ করেছিল ওয়াসা বোর্ড।
আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালে তাকসিমকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তার মেয়াদ বাড়ানো হচ্ছে।
এমডি হিসেবে তাকসিমের বেতন বাড়ানোর পর তা চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাই কোর্টে একটি রিট আবেদন করেছিল কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।
প্রাথমিক শুনানি নিয়ে ১৭ অগাস্ট হাই কোর্ট আদেশ দেয়, তাকসিম এ খান গত ১৩ বছর ধরে বেতন-ভাতা বাবদ কত টাকা নিয়েছেন, সেই হিসাব ৬০ দিনের মধ্যে দাখিল করতে হবে।
সেই সঙ্গে তাকসিম এ খানকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাকে অপসারণে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা’ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি হয়।
যতদিন পর্যন্ত তাকে অপসারণ করা না হবে, ততদিন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী তার বেতন নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় সেই রুলে।
