১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারিকোর ‘ওভার দ্য ওয়াল’ চ্যাম্পিয়ন এনএসইউর ‘টিম ঝালমুড়ি’

প্রথম ও দ্বিতীয় রানার-আপ দল পাবে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 01:55 AM

Updated : 17 Nov 2026, 01:55 AM

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ক্যাম্পাসভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়ালের’ পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ‘টিম ঝালমুড়ি’।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ‘গ্র্যান্ড ফিনালেতে’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

‘পুশ দ্য পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ‘টিম লাসো’ এবং দ্বিতীয় রানার-আপ একই প্রতিষ্ঠানের ‘টিম হিমালয়াস’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চ্যাম্পিয়ন দল ‘টিম ঝালমুড়ি’ আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠেয় ‘ওভার দ্য ওয়াল গ্লোবাল প্ল্যাটফর্মে’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি দলটি ম্যারিকো লিমিটেডের একটি আন্তর্জাতিক অফিসে ইন্টার্নশিপের সুযোগ পাবে।

প্রথম ও দ্বিতীয় রানার-আপ দল পাবে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে ইন্টার্নশিপের সুযোগ। এ ছাড়া বিজয়ী তিনটি দলই প্রাইজমানি পেয়েছে।

গ্র্যান্ড ফিনালেতে বিচারকের দায়িত্ব পালন করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু, বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন এবং এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কেএসএম মিনহাজ।

অনুষ্ঠানে ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুমিতাভা বসু বলেন, “ওভার দ্য ওয়াল তরুণদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন ধারণা নিয়ে কাজ করার সুযোগ তৈরি করে। তরুণদের এই মেধা ও সম্ভাবনাকে বিকশিত হতে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।”

প্রতিষ্ঠানটির এইচআর ডিরেক্টর কে এম সাব্বির আহমেদ বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণদের নেতৃত্ব ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে। এ বছরের প্রতিপাদ্য পুশ দ্য পসিবিলিটিজ এই ভাবনারই প্রতিফলন।”

এবারের আসরে দেশের ৪৭টিরও বেশি ক্যাম্পাস থেকে ৭ হাজার ৬০০টির বেশি নিবন্ধন জমা পড়ে। বিভিন্ন ধাপ ও মেন্টরশিপ শেষে ছয়টি দল গ্র্যান্ড ফিনালেতে অংশ নেয়।