২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

আরব আমিরাতে নজিরবিহীন বৃষ্টি, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

এর মধ্যে এয়ার এরাবিয়ার পাঁচটি, এমিরেটসের দুটি এবং ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইট রয়েছে।

আরব আমিরাতে নজিরবিহীন বৃষ্টি, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

টানা বৃষ্টিতে এই হাল হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 05:22 PM

Updated : 17 Apr 2024, 05:22 PM

নজিরবিহীন বৃষ্টি আর আকষ্মিক বন্যায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ২৪ ঘণ্টায় ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এক বার্তায় জানান, আরব আমিরাতে বাজে আবহাওয়ায় কারণে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী যে নয়টি ফ্লাইট নির্ধারিত ছিল, সেগুলো বাতিল করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।

এর মধ্যে এয়ার এরাবিয়ার পাঁচটি, এমিরেটসের দুটি এবং ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইট রয়েছে।

খালিজ টাইমস জানিয়েছে, ১৯৪৯ সালের পর থেকে এমন বৃষ্টিপাত দেখেনি মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের মানুষ। 

সোমবার রাত থেকে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত তুমুল বৃষ্টিতে দুবাইয়ের পথঘাট ও বিমানবন্দরের ট্যাক্সি চলাচলের পথ তলিয়ে গেছে। বৃষ্টির কারণে বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছে। বিমাবন্দরে আসা যাত্রীদের চেক-ইন প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে।

এত বেশি বৃষ্টি হয়েছে যে পথঘাট ডুবে গাড়ি ভেসে যাওয়ার পাশাপাশি শপিংমলও তলিয়ে গেছে। কোথাও মহাসড়ক ভেঙে বিশাল গর্ত তৈরি হয়েছে। বন্ধ রাখা হয়েছে মেট্রো স্টেশনের কার্যক্রম।

সোশাল মিডিয়ায় আসা ছবি ও ভিডিওতে দেখা যায়, দুবাইয়ের জেবেল আলী মেট্রো স্টেশনের ভেতরে আটকে আছেন দুই শতাধিক যাত্রী। স্টেশনের ভেতরে ও সিঁড়িতে ঘণ্টার পর ঘণ্টা বসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন তারা।

বিশ্ব ব্যাংকের ক্লাইমেট চেঞ্জ নলেজ পোর্টালের তথ্য বলছে, আরব আমিরাতে বছরে গড়ে ১৪০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেখানে মধ্যপ্রাচ্যের এ দেশটির আল আইন শহরের খাতম আল শাকলা এলাকায় ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।

দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে বছরে গড়ে ৯৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু ২৪ ঘণ্টাতেই দুবাইয়ে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, একদিনের হিসাবেই ৫০টিরও বেশি আবহাওয়া স্টেশন ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে চারটি স্টেশন রেকর্ড করেছে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত।

সড়ক ডুবে যাওয়ার কারণে আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাস সার্ভিস বন্ধ হয়ে গেছে। আল আইন শহরের আল কুয়া এলাকায় পানির স্রোতে মহাসড়ক ভেঙে বিশাল গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, বৃষ্টির কারণে রাস আল খাইমা শহরের সড়কে একটি গাড়ি ভেসে গিয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।