২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ের কারখানায় নিরাপত্তাকর্মীর লাশ

শ্রমিকরা কারখানায় গিয়ে হাশেমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

তেজগাঁওয়ের কারখানায় নিরাপত্তাকর্মীর লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 12:07 PM

Updated : 09 Jan 2023, 12:07 PM

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক কারখানার নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

মো. হাশেম নামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি কুনিপাড়ার 'জুয়েল ইন্ডাস্ট্রিজ' নামের একটি কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

সোমবার সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় তার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, “সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা ভেতরে ঢুকে হাশেমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তারাই হাশেমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”

ওই কারখানার শ্রমিক মো. ঝন্টু মিয়া জানান, জুয়েল ইন্ডাস্ট্রিজের মালিক এমএ জলিল। ১৭ থেকে ১৮ জন শ্রমিক সেখানে 'স্ক্রু' তৈরির কাজ করেন।

“হাশেম কারখানার ভিতরেই থাকত। প্রতিদিন সকালে সে তালা খুলে দিলে আমরা ভেতরে ঢুকে কাজে যোগ দিতাম। কিন্তু আজ সকালে এসে দেখি দরজা শুধু চাপানো। কারখানার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল হাশেম। ভেতরের মালামালও এলোমেলো অবস্থায় পড়ে ছিল।”

হাশেমের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম দেখা গেছে বলে জানান বাচ্চু মিয়া।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছে।