১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইকরার ‘আত্মহত্যা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

আদালত আগামী ২৪ জুন মামলার পরবর্তী তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে।

ইকরার ‘আত্মহত্যা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা
যাহের আলভী ও স্ত্রী আফরা ইভনাথ ইকরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 09:08 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ঢাকার মিরপুরের বাসা থেকে ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।

বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট কামরুন নাহার বনানী। 

আবেদনে বলা হয়, “নাসরিন সুলতানা গত ২৬ এপ্রিল স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন। হাই কোর্ট ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন আগাম জামিন দেন। হাই কোর্টের আদেশক্রমে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করেন। তিনি বয়স্ক মহিলা, জামিন দিলে পালিয়ে যাবেন না৷”

পরে আদালত আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির ধার্য দিন পর্যন্ত তার জামিন মঞ্জুর করে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান। 

গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসেরর বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ইকরার লাশ উদ্ধারের ঘটনায় ওইদিন রাতেই মামলা করেন তার বাবা কবির হায়াত খান। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়।

মামলায় ইকরার বাবা অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’। 

পুরনো খবর

অভিনেতা আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার

অভিনেতা আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা: তদন্তের দায়িত্ব পেল ডিবি