১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিনেতা আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার

অভিনেতার মিরপুর ডিওএইচএসের বাসায় এই ঘটনা ঘটে।

অভিনেতা আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার
যাহের আলভী ও স্ত্রী আফরা ইভনাথ ইকরা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 12:50 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর বাসা থেকে তার স্ত্রী আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্ত্রীর মৃত্যুর এই ঘটনাকে ‘আত্মহত্যা’ বলছেন অভিনেতা যাহের আলভী। বর্তমানে তিনি শুটিংয়ের কাজে দেশের বাইরে আছেন। ফেইসবুকে এক পোস্ট দিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা করার’ এই খবর দিয়েছেন আলভী নিজেই। 

মিরপুর ডিওএইচএসের ১৭ নম্বর সড়কের ২ নম্বর ভবনের অষ্টমতলার একটি ফ্ল্যাট থেকে শনিবার দুপুরে ইকরার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পল্লবী থানার পরিদর্শক (অপারেশনস) আবু হনিফ। ইকরার বয়স হয়েছিল ৩২ বছর।

তিনি বলেন, “বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মরদেহ বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে বলেও জানিয়েছেন পল্লবী থানার পরিদর্শক আবু হনিফ।

ময়নাতদন্ত করা হবে কী না জানতে চাইলে আবু হানিফ বলেন, “খবর পেয়ে ওই নারীর বাবা-মা ময়মনসিংহ থেকে ঢাকায় আসছেন। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এমনিতে পুলিশ ওই বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।”

এদিকে ফেইসবুকের পোস্টে অভিনেতা লিখেছেন, "আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংয়ে ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মত অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।"  

শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের উদ্দেশে এই অভিনেতা লিখেছেন, "অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।"  

আলভী ও ইকরা বিয়ে করেন ২০১০ সালে; তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।