২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় তরুণদের তর্কাতর্কি থেকে খুনোখুনি

কী কারণে ওই দুই দল তরুণ ঝগড়ায় জড়িয়েছিল, তা জানা যায়নি।

উত্তরায় তরুণদের তর্কাতর্কি থেকে খুনোখুনি

নিহত লিমন আহমেদ।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2023, 12:55 AM

Updated : 18 Aug 2023, 12:55 AM

ঢাকার উত্তরায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক তরুণ; দুই দল তরুণের কথা কাটাকাটি থেকে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতের নাম লিমন আহমেদ (১৮)। আই ই এস উচ্চ বিদ্যালয় থেকে আগামীবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে লিমন হামলার শিকার হন।

পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।

তিনি বলেন, লিমনের লাশ মর্গে রাখা আছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানান হয়েছে।

একই ঘটনায় আদনান নামে আরেক তরুণ আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

লিমনের বাবা আব্দুল খালেক ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, বাগবিতণ্ডার এক পর্যায়ে লিমনের পরিচিত কয়েক তরুণ তার ছেলেকে ছুরিকাঘাত করে।

লিমনকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু দীপ হাওলাদার বলেন, ১০ নং রোড জহুরা মার্কেটের সামনে চায়ের দোকানে তিনি এবং লিমন ও আদনান বসেছিলেন।

“তখন সেখানে ওবায়দুল, শাহজালাল, মমিনুলসহ  কয়েকজন আসে। তাদের সাথে পূর্ব ঘটনার জের ধরে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়দুল ধারাল ছুরি দিয়ে আদনানকে ছুরিকাঘাত করে, লিমন এগিয়ে গেলে তাকেও বুকে ছুরিকাঘাত করে।”

খালেকের বাড়ি জামালপুর সদরে। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের হাবিব মার্কেটের পাশে বাড়ি ভাড়া করে পরিবার নিয়ে থাকেন।  তার দুই সন্তানের মধ্যে লিমন বড়।

ছেলেকে হারিয়ে শোকার্ত লিমনের মা লাকি বেগম ঢাকা মেডিকেলে আহাজারি করে বলছিলেন, “ছেলে আমার কাছে নুডলস খেতে চেয়ে ছিল, আমি ব্যবস্থা করার আগেই সে বাসা থেকে বের হয়ে যায়।”