আন্দোলনের ‘পালে হাওয়া লাগাতে’ বসেছিলেন শিক্ষকরা: দীপু মনি
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শিক্ষকদের সব ধরনের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী।
জাতীয়করণের দাবিতে সম্প্রতি বেসরকারি মাধ্যমিকের শিক্ষকদের রাস্তায় নেমে আসার পেছনে সরকারবিরোধী আন্দোলনের যোগসূত্র দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, “আমরা সকল শিক্ষককে সম্মান করি। কোনো শিক্ষককে বাদ দিয়ে আমরা কাজ করতে চাই না। কিন্তু কেউ যদি মনে করে- আওয়ামী লীগ সরকার এত দুর্বল হয়ে গেছে যে, তারা যা খুশি তাই করবে।
“শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের মৌসুম মনে করে বিরোধী দলের তথাকথিত আন্দোলনের পালে হাওয়া লাগাতে তারা রাস্তায় বসবে, সেটাকে প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই।”
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) আলোচনায় তিনি একথা বলেন।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। ১ অগাস্ট শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেন।
বিএনপি-জামায়াতের সমাবেশে ‘থাকতেই’ শিক্ষকরা আন্দোলনে নেমেছিল দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, “জাতীয়করণের জন্য আমরা দুটি কমিটি করে দিলাম। ওয়ার্কশপ করলাম, সব শিক্ষককে আসতে বললাম। সেখানে অনেক শিক্ষক না থেকে তারা আবার অন্য জায়গায় গিয়ে ধর্না দেয়।
“তার মানে তারা সরকারকে সহযোগিতা করতে চায় না, তারা সরকারের বিরুদ্ধে কথা বলে। সরকার তাদেরকে সহযোগিতার জন্য ডেকে নিয়ে আসছে, সেখানেও তারা যেতে রাজি না। কারণ তখন বিএনপি-জামায়াতের সমাবেশে থাকার উদ্দেশ্য ছিল তাদের।”
শিক্ষকদের দাবি পূরণ নিয়ে তিনি বলেন, “এত রকমের ভাগ আছে, এই জাতীয়করণ করতে কত সময় লাগবে? আমাদের ৩০০/৩৫০ স্কুল-কলেজ নিয়ে আমাদের কয় বছর লাগছে? কারণ এত জটিলতা এর মধ্যে। আর সারাদেশের এত এত শিক্ষা প্রতিষ্ঠান, বললাম জাতীয়করণ করে দিব, তাহলে তো হবে না।
“সরকারি, এমপিও, ননএমপিও সবার ভিন্ন ভিন্ন দাবি। সব বিষয়গুলো বুঝে গুছিয়ে জটিলতাগুলো দূর করে ঠিকমত করতে হবে। হ-য-ব-র-ল অবস্থায় আপনি তো যেতে পারবেন না লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে।”
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকলে শিক্ষকদের সব ধরনের দাবি মেনে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী।
স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সভাপতি আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাশিপের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু।
