২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের ৫১ বছর, তাছির উদ্দিনেরও তাই

“যদিও আমরা প্রতিবন্ধী, তবুও আমরা মনে করি না আমরা হেরে যাব। আমরাও পারি। এটা দেখিয়ে দিতে এই বিজয়ের দিনে আমরা স্মৃতিসৌধে এসেছি।”

বিজয়ের ৫১ বছর, তাছির উদ্দিনেরও তাই

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় সিআরপি পরিবারের সঙ্গে আসা এক শিশু।

শাহরিয়ার নোবেল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 07:25 PM

Updated : 16 Dec 2022, 07:26 PM

“আমি খুবই আনন্দিত, বাংলাদেশের ৫১তম বিজয় দিবসের যে আনন্দ, সেখানে আমার বয়সটাও সমান। বাংলাদেশের যখন স্বাধীন রাষ্ট্র হল, তখনই আমার জন্ম। এটা ভেবে আমি নিজেকে ধন্য মনে করি,” বলছিলেন হুইল চেয়ারে করে বিজয় দিবস উদযাপন করতে আসা তাছির উদ্দিন।

পক্ষাঘাতগ্রস্ত বা দুর্ঘটনায় শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চিকিৎসা ও পুনর্বাসন প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের তত্ত্ববধানে (সিআরপি) জাতীয় স্মৃতিসৌধে এসেছেন তাছির। স্মৃতিসৌধে আসতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত।

স্পাইনাল কর্ডে ইনজুরির কারণে সাভারের সিআরপিতে চিকিৎসা নিতে হচ্ছে তাছিরকে। তিনি বললেন, “পরিবারের বড়দের কাছে শুনেছি কী দুঃসহ এক সময়ে আমার জন্ম হয়েছে। কত কঠিন দিন ছিল তখন।

“আমাদের মুক্তিযোদ্ধারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছেন। আমাদের স্বাধীনতার স্বাদ দিয়েছেন। এই দেশ নিয়ে আমি অনেক গর্ব করি।“

জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা তাছির উদ্দিন বললেন, পক্ষাঘাতের বাধা উৎরে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তিনি পান মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই।

“এর আগেও আমি এখানে এসেছি। যদিও আমরা প্রতিবন্ধী, তবুও আমরা মনে করি না আমরা হেরে যাব। আমরাও পারি। এটা দেখিয়ে দিতে এই বিজয়ের দিনে আমরা এসেছি। আমাদের আত্মবিশ্বাস নিয়ে আমরা বাকি জীবনে কিছু একটা করে দেখাতে চাই। আমাদের এই যোদ্ধারা আমাদের অনুপ্রেরণা জোগায়।”

Image

বিজয় দিবসের সকালে সিআরপির তত্ত্ববধানে স্মৃতিসৌধে এসেছিলেন তাছির উদ্দিন।

১৯৭১ সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আমীর আব্দুল্লাহ খান নিয়াজী।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাওয়া এই বিজয়ের মাহেন্দ্রক্ষণটি স্মরণ করতে স্মৃতিসৌধে আসেন রাজনীতিক, কূটনীতিক, সমাজকর্মী, সরকারি-বেসরকারি চাকরিজীবী শিল্পী-বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমিক, শিক্ষার্থী– সব শ্রেণি পেশার মানুষ।

তাছির উদ্দিনদের মত পক্ষাঘাতগ্রস্থ প্রায় ১৫ জনের একটি দল শুক্রবার বিজয় দিবসের সকালে হুইল চেয়ারে করে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। নিজের পায়ে দাঁড়াতে না পারার কষ্ট যেন তারা ভুলে গেলেন বিজয়ের আনন্দে সামিল হতে পারার উচ্ছ্বাসে।

দেশের কাছে নিজেদের ন্যায্য অধিকারের সঙ্গে একটি ভালো দেশের প্রত্যাশাও ঝরলো তাদের কণ্ঠে।

মারুফ আহমেদ নামে একজন বললেন, “আমাদের যে ন্যায্য অধিকার, সে অধিকারগুলো যেন আমরা পাই। আগে যেভাবে স্বাভাবিক ছিলাম, সেভাবেই যেন থাকতে পারি। কেউ যেন আমাদের ছোট করে না দেখে।

Image

তাছির উদ্দিনদের মত ১৫ জনের একটি দল শুক্রবার বিজয় দিবসের সকালে হুইল চেয়ারে করে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন।

“আর দেশ যেভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সেটা যেন অব্যাহত থাকে। আমরা যেন একটি ভালো দেশ পাই।”

হুইল চেয়ারে বসে শেহীদ বেদীতে ফুল দেওয়ার পর হুমায়ূন কবির বললেন, “এই দিনে দেশে বিজয় এসেছে। আমরা তো নিজেদের মানাতে পারি না। তাই হুইল চেয়ারে করেই চলে আসি।“

এই দলে থাকা আসমা আক্তার বলেন, “কষ্ট হলেও দেশের প্রতি ভালবাসা থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। এই কষ্ট আমার কাছে কিছুই মনে হয়নি, ভালোই লাগছে।“

দেশ নিয়ে গর্বের কথা জানিয়ে তিনি বললেন, “আমার সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশের মতই দেখতে চাই।“