২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাভাবিক’ হয়েছে গ্যাসের চাপ, চুলা ব্যবহারে আশ্বস্ত করল মন্ত্রণালয়

মন্ত্রণালয় বলেছে, ঈদের ছুটিতে শিল্প-কারখানা বন্ধ থাকাসহ স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাসের ব্যবহার হ্রাস পাওয়ায় গ্যাস সরবরাহ লাইনে ‘চাপ কিছুটা বৃদ্ধি পায়’।

‘স্বাভাবিক’ হয়েছে গ্যাসের চাপ, চুলা ব্যবহারে আশ্বস্ত করল মন্ত্রণালয়

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 04:47 PM

Updated : 25 Apr 2023, 04:49 PM

ঢাকায় গ্যাসের চাপ কমিয়ে পরিস্থিতি ‘স্বাভাবিক’ করার কথা জানিয়ে ‘আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে’ গ্যাসের চুলা ব্যবহার করতে বলেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকার রামপুরা, বাড্ডা, বনশ্রী, বেইলি রোডসহ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়ানোর অভিযোগ পাওয়া যায়।

“তাৎক্ষণিকভাবে তিতাস গ্যাসের ১৪টি ইমার্জেন্সি টিম এ সকল এলাকা সরেজমিন পরিদর্শন করে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ প্রদান করে। সেইসঙ্গে যেসব ডিস্ট্রিক্ট রেগুলেশন স্টোশনের (ডিআরএস) মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহ করা হয়, সেসব ডিআরএস থেকে গ্যাসের চাপ কমিয়ে দেওয়া হয়। তৎপ্রেক্ষিতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।”

এ পরিস্থিতির কারণ ব্যাখ্যা করে মন্ত্রণালয় বলেছে, ঈদের ছুটিতে শিল্প-কারখানা বন্ধ থাকাসহ স্বাভাবিক সময়ের তুলনায় গ্যাসের ব্যবহার হ্রাস পাওয়ায় গ্যাস সরবরাহ লাইনে ‘চাপ কিছুটা বৃদ্ধি পায়’।

“বর্তমানে গ্যাসের সরবরাহ লাইনে চাপ স্বাভাবিক রয়েছে এবং গ্যাসের সরবরাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে গ্যাস ও গ্যাসের চুলা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।”

সোমবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাসের ঝাঁঝাল গন্ধ পেয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পেতে থাকে একের পর এক ফোন।

স্থানীয়দের বক্তব্য ছিল, পাইপলাইন থেকে গ্যাস ‘লিক’ করার পর যে গন্ধ ছড়িয়ে পড়ে, তা পাওয়া যাচ্ছে। বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করে এ সময়ে গ্যাসের চুলা বন্ধ রাখার আহ্বানও জানানো হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সংশ্লিষ্ট জায়গাগুলোতে আমাদের টিম পাঠিয়েছি, পাঠাচ্ছি।”

এই পরিস্থিতিতে মন্ত্রণালয়ের ফেইসবুক পাতায় মধ্যরাতে এক বিশেষ ঘোষণায় বলা হয়- “ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে৷ নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ।”

পুরনো খবর:

ঢাকায় গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে অনুরোধ মন্ত্রণালয়ের

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেইসবুক পাতায়ও এই ঘোষণা শেয়ার করে লেখেন, “নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি।

“ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”

ঢাকায় গ্যাস বিতরণকারী কোম্পানি তিতাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া সমস্যার কারণ ব্যাখ্যা করে মধ্যরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নরসিংদী থেকে ডেমরা পর্যন্ত গ্যাসের একটি লাইন বন্ধ ছিল। সেই লাইনটা চালুর পর হঠাৎ করে ইম্প্যাক্টটা একটু বেশি পড়েছে।”

কাজ চলার কথা জানিয়ে তিনি বলেন, “পুরো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। আধা ঘণ্টার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।”