জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
এর আগে দুটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ।
ঢাকার আদালত চত্বর থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
গত রোববার জঙ্গি ছিনিয়ে নেওয়ার পরপরই ঢাকা মহানগর পুলিশ একটি তদন্ত কমিটি করেছিল। পরদিন পুলিশ সদর দপ্তর গঠন করে আরেকটি কমিটি।
এরপর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের চার সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
তিনি বলেন, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারা অনুবিভাগ) এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্য হলেন- মহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি (ডিআইজি পদ মর্যাদার নিচে নয়), অতিরিক্ত কারা মহাপরিদর্শক এবং ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে বলে জানান অপু।
তদন্ত কমিটির চিঠিতে বলা হয়, “২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে সন্ত্রাসবিরোধী আইনে সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব ও মাইনুল হাসান শামীম ওরফে ইমরানকে (ব্লগার দীপন এবং অভিজিৎ হত্যা মামলায় মৃত্যু দণ্ডের আদেশপ্রাপ্ত আসামি) তার সহযোগীরা পুলিশ সদস্যদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।”
