২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরাসি সন্ধ্যে, কাল্পনিক ওয়াইন আর আলিঙ্গন

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 19 Nov 2015, 05:58 PM

Updated : 12 Oct 2026, 03:21 PM

হয়তো ছেলেটির নাম জিম ছিল;
মেয়েটির নাম ডেলা।
কী করে এমন কাকতাল হলো কে জানে!
আলোকচিত্রী যেন আঁটঘাট বেঁধে ফ্রেমে এঁটেছেন দু'জনকে,
যেন 'গিফট অব দ্য মেজাই' পুনঃমুদ্রিত হবে আসছে ক্রিসমাস ইভে।
নতুন প্রচ্ছদে ছেলেটি-মেয়েটি
হুবহু পুরনো আলিঙ্গনে।
অবশ্য… অন্য কোন নামও হতে পারে।
ছেলেটিকে বলি মঁশিয়ে,
মেয়েটিকে মাদাম।
গল্পটা ওদেরই ছিল নিশ্চিত।
নাটুকে শোনাবে..
তাতেই বা কী এমন?
ভালোবাসার দেশ প্যারিসে এক মঁশিয়ে আর এক মাদাম
একটা হৃদগভীরসন্ধা কাটাবে বলে প্রস্তুতি নিচ্ছিল মাস খানেক ধরে।
একত্রে সুরের মূর্ছনা
তারপর পানাহার…
মেয়েটি ক্ষুর্ণাক্ষরেও জানতো না,
ছেলেটি নিটোল আঁতাত করেছে
লু পেতি কম্বোজ রেস্তোরাঁর ওয়েটারের সাথে।
নৈশভোজ শেষে দু'টো আবেদনময়ী গ্লাসে টলটলে ওয়াইন;
একটিতে ডুব দিয়ে হীরের অঙ্গুরি।
মেয়েটির অনামিকা সন্ধ্যেতারা আপন করে নিলেই
ছেলেটি জড়িয়ে ধরতো মেয়েটিকে নিবিড় করে…।

মঁশিয়ে আর মাদামের গল্পটা এমন ঘনিষ্ট ছিল;
যেমন বাহুলগ্না হয়ে ওরা বসেছিল বাটাক্লঁ হলে।
মোহাবিষ্ট হয়ে।
এতটা সুরেলা ছিল না ঈগল অব ডেথ মেটাল…
উপরন্তু তাল কেটে গেল বিকট আওয়াজে!
একটা! দুটো!! তিনটে!!!
ওহ! চিৎকার! কনসার্ট হলে মৃত্যুর সমন!
রক্ত। ছুটোছুটি। কান্না।
সন্ধ্যের রঙ রক্তাভ।
মেয়েটি জানেনা কখন বিচ্ছিন্ন হয়েছে ছেলেটি থেকে।
ছেলেটি উদভ্রান্ত। খুঁজছে মেয়েটিকে।
যে পথ দিয়ে ওরা রেস্তোরা যেতো
ওখানটায় খুঁজে পেল নিজেদের…
এরকম হন্তদন্ত একটা সন্ধ্যোর পরিকল্পনা ওরা করেনি।
হয়তো ওরা ভেবেছিল, চোখ বন্ধ করলেই ধ্বংসযজ্ঞে কনসার্ট হবে!
হয়তো ওরা ভেবেছিল, দৃঢ় আলিঙ্গনে দৃশ্যপট বদলে ওয়াইনের গ্লাসটা হাতে উঠে আসবে!
মঁশিয়ে নামের ছেলেটি, আর মাদাম নামের মেয়েটি চুমুক দেবে নেশাতুর ভালোবাসায়।

ছেলেটি আর মেয়েটির একান্তের সন্ধ্যেটা এখন বিবমিষা।
ওয়াইনের গ্লাসে রক্ত!
আলোকচিত্রী সন্ধ্যেটা বদলাতে পারেননি।
তবু…
ছেলেটি আর মেয়েটির আলিঙ্গনই এখন ফরাসি সন্ধ্যের রক্ষাকবচ!

Image
Flag Counter