দৃক গ্যালারিতে চলছে ‘আমার দেখা ৭১’
আব্দুল হামিদ রায়হান, যার রয়েছে আলোকচিত্রের গুপ্তধন। ১৯৭১ সালে তিনি আলোকচিত্রী হিসাবে মুজিবনগর সরকারের স্বেচ্ছাসেবক দলে যোগ দেন। সেখানে তার দায়িত্ব ছিলো সম্মুখ সমরের ছবি তোলা। সে সময় তিনি রণাঙ্গনের পাঁচ শতাধিক সাদাকালো ছবি তোলেন।
তার আলোকচিত্রের ভান্ডার থেকে বাছাইকৃত ৩১টি ছবি নিয়ে ধানমণ্ডির দৃক গ্যালারি আয়োজন করেছে ‘আমার দেখা ৭১’ শিরোনামে এ প্রদর্শনীটি। প্রদর্শনীটি শুরু হয়েছে ২৫ মার্চ।
প্রদর্শনী প্রসঙ্গে আব্দুল হামিদ রায়হান বলেন, “প্রদর্শনীর এ ছবিগুলোতে মুক্তিযুদ্ধকালীন সময়ের সাধারণ মানুষের শক্তি, সাহস, আন্দোলন, যন্ত্রনা ও সংগ্রামের বয়ান তুলে ধরার চেষ্টা করেছি। যা সত্যিকার অর্থে আমাদেরকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাড় করিয়ে দেয়।”
প্রদর্শনী দেখতে আসা আরেক শিল্পী ধ্রুব এষ বলেন, “কোন মন্তব্য করার স্পর্ধা রাখি না। প্রণাম ক্যামেরার প্রকৃত কবি ও তার কাজকে।”
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। চলবে ৩ এপিল পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
