বৃষ্টিতে ধুয়ে গেলো বসন্তের রং
পহেলা ফাল্গুনের বইমেলাটা হয় অন্যরকম। বাসন্তী রংয়ের মেলার একটা সৌন্দর্য আছে, তাছাড়া ভিড়ের কারণে বিক্রি নিয়েও লেখক---প্রকাশকদের আশা থাকে অনেক। কিন্তু সব আশায় আক্ষরিক অর্থে জল ঢেলে দিল বৃষ্টি। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মামুন।
কুয়াশাঘেরা সকাল---দুপুর। বৃষ্টিভেজা বিকাল। শীতময় সন্ধ্যা। মিলে মিশে যে দিনটি সে দিনটি আর যাই--ই হোক বসন্ত উৎসবের জন্য আদর্শ হয় না। প্রিয়জনের হাত ধরে বইমেলায় ঘোরার জন্যও দিনটি অযোগ্য। কুয়াশায় মন খারাপ থাকে। বৃষ্টিতে কাপড়-চোপড় ভিজে যায়। শীত লাগলে তো থাকাই দায়। কাজেই বইমেলার মায়া ফেলে ঘরের ছায়ার তলে যত তাড়াতাড়ি যাওয়া যায়!
সময় প্রকাশনের ফরিদ আহমেদ তাই মাথা দুলিয়ে বললেন,“এবারের প্রতিটা দিনই গত কয়েক বছরের প্রতিটা দিনের চেয়ে অনেক ভালো ছিল। প্রথম শুক্রবার গতবারের চেয়ে ভালো। দ্বিতীয় শুক্রবার গতবারের চেয়ে অনেক ভালো। সেই হিসাবে পহেলা ফাল্গুন গতবারের পহেলা ফাল্গুনের চেয়ে অনেক ভালো হওয়ার কথা। কিন্তু....”-- কথা শেষ হয় না। টাকা গুনে দেখছেন যতটা ক্ষতি অনুমান করেছেন তার চেয়েও বেশি হয়ে গেলো না তো!
পার্লের হাসান জাইদি তুহিন বলছেন,“এবার দোষটা কাকে দেয়া যাবে। গত কয়েক বছর বইমেলার শত্র“ ছিল হরতাল। তখন আমরা রাজনীতিকদের দোষ দিতাম। এখন!” তুহিন ম্লান হাসেন। হাসিতে পহেলা ফাল্গুনজনিত প্রত্যাশা বৃষ্টিতে ধুয়ে যাওয়ার করুণ রং স্পষ্ট দেখা যায় যেন। বিকাল থেকে থেমে থেমে হওয়া ঝির---ঝিরে বৃষ্টি সন্ধ্যার মধ্যেই বইমেলাকে প্রায় খুন করে যেন তার শবদেহটাকে ছড়িয়ে রেখে গেছে। তাই ভিড় নেই। লাইন নেই। স্টল মালিকরা সাড়ে ৭টা থেকেই হিসাবে বসে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরী একবার কী এক প্রসঙ্গে বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাদ দিলে পুরো বাংলাদেশ হলো একটা বিরাট শুন্য। খুব ভেবে দেখলে কথাটা সত্যি। এবং ভেবে দেখলে এটাও সত্য যে, আমাদের বাঙ্গালীয়ানার যত উৎসব তার সবকিছুই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক।
এখানেই বৈশাখের বর্ষবরণ উৎসব। এখানেই শহীদদের বেদী। আমাদের সব অর্জনের সঙ্গে এই জায়গাটার অঙ্গাঙ্গী সংযুক্তি। বসন্তের প্রথম দিনটা বইমেলার সময়ের সঙ্গে মিলে যায় বলে উৎসবমুখীদের জন্য বইমেলা প্রধান ক্ষেত্র। এখানকার পরিবেশেই যেহেতু আমাদের অস্তিত্বের ছবি কাজেই তার সঙ্গে মিললেই তো বসন্ত উৎসব সার্থক। কাজেই হলুদ আর হলুদ মিলে এদিনের বইমেলার রংটাই হয় হলুদ। সেই হলুদ মঙ্গলবারও ছিল। কিন্তু রং চোখ ধাধানোর বদলে কখনও কখনও মনকে ব্যথায় ভোগায়। বিকালের বৃষ্টির পর থেকে এমনই ফ্যাকাশে রংয়ের বইমেলা। শুরুতে অবশ্য প্রকৃতিকে অগ্রাহ্য করার একটা ভাব ছিল। বিকাল পর্যন্ত তাই মোটামুটি বাসন্তী চেহারা। কিন্তু সন্ধ্যায় যেন বইমেলা আর ঠিক পেরে উঠল না।
হুয়ামূন আহমেদ বইমেলায় এলে নিরাপত্তার জন্য পুলিশ-র্যাব লাগে। অন্য প্রকাশেই বসেন সাধারণত, তাঁর সামনে যে ভীড় জমে সেটা দেখে মেলায় নতুন আসা লোকজন ভাবেন এখানে বোধহয় গুপ্তধনের সন্ধান মিলেছে। কাজেই তারাও দাঁড়ান। ভিড় আরও বাড়ে। আর বাড়ে মেলা কমিটির কাজ। ওদের জন্য সুখবর হুমায়ূন আহমেদ এখানে কালে---ভদ্রে আসেন। জাফর ইকবাল তার চেয়ে বেশি আসেন, কিন্তু তিনি এক জায়গায় না বসে ঘুরে বেড়াতে ভালোবাসেন। বসে থাকেন ইমদাদুল হক মিলন, প্রণব ভট্ট, আনিসুল হকরা। এবং তারা সাধারণত মেলা শেষ করে যান। জনপ্রিয় লেখক, বই বিক্রির দিকেই তাদের মুল মনযোগ, কাজেই এ দিনে তারা আসেন আরও বেশি আশা নিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় অনন্যার স্টলে বসে থাকা প্রণব ভট্টের চেহারায় খানিকটা হতাশার ছায়া। আনিসুল হকও স্টল বাদ দিয়ে মন দিলেন টিভি ইন্টারভিউয়ের দিকে। বইমেলায় টিভি ইন্টারভিউগুলো কমেডি ছবির দৃশ্য হিসাবে ঢুকে যেতে পারে। একজন সাক্ষাৎকার দিচ্ছেন হয়তো, খোলা জায়গা, কাজেই সামনে---পেছনে অনেকে দাঁড়িয়ে যান। অত্যুৎসাহী নিজেদের চেহারা দেখানোর জন্য মাঝে---মধ্যে এমন ধাক্কা---টাক্কা দেন যে লেখককে হুমড়ি খেয়ে ভূ----পতিত হওয়ার ঘটনাও আছে।
মঙ্গলবার আনিসুল হক সাক্ষাৎকার দিচ্ছিলেন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। রিপোর্টারেরও ক্যামেরা ঠিক করার জন্য অনেক সময় আছে। নাসরীন জাহান বইমেলায় তার চিরকালীন জায়গা অন্য প্রকাশে না বসে ফোন কানে নিয়ে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন নিশ্চিন্তে।
না। এটা ঠিক পহেলা ফাল্গুনের বইমেলার ছবি নয়। বাসন্তী উৎসবকে এই রংয়ে মানায় না। এবার বইমেলা খুব জমছিল, প্রত্যাশার তুলনায় প্রাপ্তি প্রায় সবক্ষেত্রেই বেশি, সেজন্যই কিনা মোক্ষম দিনে প্রকৃতির শক্তি প্রদর্শনের ইচ্ছা হলো। আর প্রকৃতি তার শক্তি যেদিন দেখাতে চায় সেদিন পুরো দুনিয়াই অসহায়। তা সেটা বাসন্তী উৎসবের দিন হোক আর ঈদের দিনই হোক!
শীত---শীত সন্ধ্যায় ফিরতে ফিরতেই তাই শিরোনামটা তৈরি হয়ে গেলো। বৃষ্টিতে ধুয়ে গেলো বইমেলার বসন্তের রং। এটাই তো শিরোনাম নাকি!
নতুন বই এবং মোড়ক উন্মোচন
মেলায় মঙ্গলবার ৬ টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মোঃ রফিকুল হক আকন্দের ‘বাগেরহাটের খানজাহান ও উত্তরাধিকার’। বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর সাবেক পরিচালক সৈয়দ আনোয়ার হোসেন। প্রকাশ করেছে অনির্বাণ প্রকাশনী।
তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে ৫১টি। এর মধ্যে হুমায়ূন আহমেদের ‘তিন বিচিত্র’ প্রকাশ করেছে অণ্বেষা প্রকাশন। ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানমের ‘রাজার মাথায় শিং’ এনেছে জিনিয়াস প্রকাশনী।
শুরু থেকে এই তের দিনে বইমেলায় নতুন বই এসেছে মোট ৭৮০ টি।
