২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘গলব্লাডার স্টোন’ বা পিত্তথলিতে পাথর হওয়ার কারণ

উপসর্গের মধ্যে আছে পেটের ডান পাশে ব্যথা, যেটাকে অনেক সময় গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে ভুল ভাবা হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 06:41 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

পিত্তথলিতে পাথর বা ‘গলব্লাডার স্টোন’ একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা।

যকৃত থেকে নিঃসৃত পিত্তরস চর্বি হজমে সাহায্য করে এবং এটি সংরক্ষিত হয় পিত্তথলিতে। পিত্তরসের উপাদানগুলোর ভারসাম্যহীনতায়— বিশেষ করে কোলেস্টেরল বা বিলিরুবিন অতিরিক্ত পরিমাণে থাকলে বা পিত্তথলি সঠিকভাবে খালি না হলে— পিত্তরস ঘন হয়ে জমাট বেঁধে পাথর সৃষ্টি করে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “এই সমস্যা পুরুষের তুলনায় নারীদের মধ্যে বেশি দেখা যায়। বিশেষ করে গর্ভবতী নারী, স্থূলকায় ব্যক্তি, ৪০ বছরের ঊর্ধ্বে নারী-পুরুষ, কম শারীরিক পরিশ্রমকারী এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকা ব্যক্তিরা উচ্চ ঝুঁকিতে রয়েছেন।”

প্রাথমিক পর্যায়ে এটি প্রায়শই ‘নীরব’ থাকে, কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না। চর্বিযুক্ত খাবার গ্রহণের পর হঠাৎ তীব্র ব্যথা— সাধারণত পেটের ডান পাশে বা মাঝখানে শুরু হতে পারে। সঙ্গে বমি, জ্বর, হজমে অসুবিধা বা ত্বকে হলদেভাব দেখা দিতে পারে।

অনেকে এই ব্যথাকে গ্যাস্ট্রিক মনে করে অবহেলা করেন, ফলে সনাক্তকরণে দেরি হয়।

প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত হাঁটাহাঁটি, চর্বিযুক্ত খাবার কমানো, ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পানি পান এবং সুষম খাদ্যাভ্যাস এই ঝুঁকি অনেকাংশে কমাতে পারে।

ডা. নয়ন জানান, চিকিৎসার প্রধান পদ্ধতি ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটোমি— অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি অপসারণ—যা নিরাপদ ও সাধারণ চিকিৎসা।

উপসর্গবিহীন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে শুধু পর্যবেক্ষণই যথেষ্ট হতে পারে। হোমিওপ্যাথি বা অপ্রচলিত চিকিৎসায় যাওয়া জটিলতা বাড়াতে পারে। উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ শল্যচিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পিত্তথলির পাথর সাধারণ মনে হলেও সময় মতো চিকিৎসা না নিলে জটিলতা সৃষ্টি করতে পারে। সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।

আরও পড়ুন

অতিরিক্ত পালংশাক খাওয়ার কুফল

বৃক্কে পাথর হওয়ার লক্ষণ

মাংস খাওয়া থেকে ‘ফ্যাটি লিভার ডিজিজ’

পেটের অসুখ আইবিএসের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপন