পোস্টারে জোটপ্রধানের ছবিতে ইসির ‘না’
জোটের দল হিসেবে নৌকা ও ধানের শীষ প্রতীক ব্যবহারের সুযোগ পেলেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিংবা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত দিয়েছে ইসি।
আওয়ামী লীগের জোট শরিক চারটি দলের ১২ জন নৌকা এবং বিএনপির জোট শরিক সাতটি দলের ২৬ জন ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ সংসদ নির্বাচনে প্রার্ধী হয়েছেন।
এর মধ্যে বিএনপি তাদের জোটভুক্ত দলের প্রার্থীদের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে সে বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য চেয়ে চিঠি দিয়েছিল।
তাদের চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করে নিবন্ধিত ৩৯টি দলকেই চিঠি দিয়ে ছবি ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে ইসির উপ সচিব আব্দুল হালিম খান জানিয়েছেন।
নির্বাচনী আচরণবিধি তুলে ধরে তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো দলের প্রার্থী কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। জোটে থাকলেও অন্য দলের কারও ছবি ব্যবহার করতে পারবেন না।
নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, পোস্টার বা ব্যানারে প্রার্থী তার প্রতীক ও নিজের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোনো নিবন্ধিত দলের মনোনীত হলে সেক্ষেত্রে শুধু তার বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টারে ছাপাতে পারবেন।
হালিম বলেন, “জোটভুক্ত কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী জোটভুক্ত অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করলেও আচরণবিধি অনুযায়ী তিনি তার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টারে তার নিজ দলের বর্তমান দলীয় প্রধান ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন না।”
ইসির এই বক্তব্য আসার আগেই দুই প্রধান জোটের শরিক দলগুলোর নেতাদের পোস্টারে তাদের জোটপ্রধানের ছবি দেখা যাচ্ছে।
বিএনপির জোটসঙ্গীদের মধ্যে ভোটে আছে জেএসডি, বিজেপি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণফোরাম, কল্যাণ পার্টি, খেলাফত মজলিস ও কৃষক, শ্রমিক, জনতা লীগ। তাদের ২৬টি আসন ছেড়েছে বিএনপি।
আওয়ামী লীগের সঙ্গে থাকা বিকল্প ধারা, জাসদ, তরীকত ফেডারেশন ও ওয়ার্কার্স পার্টির ১২ জনকে নৌকা দেওয়া হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪৮ জন। এরমধ্যে দলীয় প্রার্থী ১৭৪৯ জন, বাকিরা স্বতন্ত্র।
