২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র বাছাই চলছে

একাদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের মনোনয়নপত্র বাছাই চলছে রোববার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2018, 11:28 AM

Updated : 19 Aug 2022, 02:58 PM

রিটার্নিং অফিসাররা যার যার এলাকায় জমা পড়া মনোনয়নপত্র বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা তৈরি করছেন। বাছাইয়ের সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও রয়েছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, “ইতোমধ্যে প্রার্থীর তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীরা ঋণ বা বিল খেলাপি কি না, তাদের দেওয়া আর্থিক তথ্যে অসঙ্গতি আছে কি না- তা যাচাই করা হবে। যোগ্যতা-অযোগ্যতার বিধানগুলো দেখে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত দেবেন রিটার্নিং অফিসার।”

মনোনয়ন গ্রহণ বা বাতিলের যে সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তা দেবেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে আইনে।

গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমার নির্ধারিত সময়ের মধ্যে ৩০০ আসনে ৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র জমা পগেছে। রোববার বাছাই শেষে ৮ ডিসেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

পরদিন প্রতীক বরাদ্দ হলে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন। সব প্রস্তুতি শেষে ৩০ ডিসেম্বর হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

যেভাবে বাছাই

মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী, তাদের এজেন্ট, প্রস্তাবকারী, সমর্থনকারী এবং প্রার্থী নিযুক্ত আইনজীবী বা অন্য কেউ উপস্থিত থাকতে পারেন।

তারা যদি মনোনয়নপত্র পরীক্ষা করে দেখতে চান তবে তাদের যুক্তিসঙ্গত সুযোগ দিতে হবে। উপস্থিত সবার সামনে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন; কেউ কোনো মনোনয়নপত্র সম্পর্কে আপত্তি তুললে তার নিষ্পত্তি করতে হবে।

তাছাড়া কোনো আপত্তির ভিত্তিতে অথবা স্বউদ্যোগে যুক্তিযুক্ত মনে করলে যে কোনো মনোনয়নপত্রের বৈধতা সম্পর্কে রিটার্নিং অফিসার সংক্ষিপ অনুসন্ধান করতে পারবেন।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসার মূলত দেখবেন- ক) প্রার্থী সংসদ নির্বাচনে যোগ্য কিনা খ) প্রস্তাবক/সমর্থক মনোনয়নপত্রে প্রস্তাব/সমর্থনের যোগ্য কিনা গ) আরওপিও ১২ বা ১৩ অনুচ্ছেদের বিধান যথাযথভাবে পালিত হয়েছে কিনা ঘ) প্রার্থী এবং প্রস্তাবক-সমর্থক স্বাক্ষর সঠিক কিনা।

ছোটখাটো ত্রুটির জন্য মনোনয়নপত্র বাতিল করবেন না রিটার্নিং অফিসার। যদি বাছাইয়ে এমন ত্রুটি নজরে আসে যা তাৎক্ষণিকভাবে সংশোধন সম্ভব, তা মনোনয়নপত্র দাখিলকারীদের দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। তবে হলফনামায় কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

যদি কোনো প্রার্থী একাধিক মনোনয়পত্র জমা দেন তবে বাছাইয়ে একটি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেলে অন্য মনোনয়নপত্র বাছাইয়ের প্রয়োজন পড়বে না।

কোনো প্রার্থীর একটি মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে ওই প্রার্থীর অন্য কোনো বৈধ মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে না। অর্থাৎ শুধু একটি মনোনয়নপত্র বৈধ হলেই তার প্রার্থিতা অটুট থাকবে।

মনোনয়নপত্র গ্রহণ অথবা বাতিল প্রসঙ্গে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত মনোনয়নপত্রের নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করতে হবে।

বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা করবেন রিটার্নিং অফিসার; কার্যালয়ের সামনে দর্শনীয় স্থানে তা টাঙিয়ে দেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনে তালিকার অনুলিপি পাঠাতে হবে।

আপিল

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে কোনো প্রার্থী বা কোনো ব্যাংক সংক্ষুব্ধ হলে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী তিন দিনের মধ্যে প্রার্থী বা তার কাছ থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আপিল করতে পারবেন।

কমিশনকে সমম্বোধন করে ইসি সচিবের কাছে স্মারকলিপি আকারে আপিল দায়ের করতে হবে; আপিলের ক্ষেত্রে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ; আপিলের কারণ সম্বলিত বিবৃতি এবং বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি সংযোজন করতে হবে।

আপিলের সিদ্ধান্ত বা ফলাফলের ভিত্তিতে বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকায় প্রয়োজনীয় সংশোধন আনতে হবে।

পুরনো খবর:

চূড়ান্ত মনোনয়ন জানাতে হবে ৯ ডিসেম্বরের মধ্যে
৩৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই
৩০০ আসনে ৩ হাজার মনোনয়নপত্র জমা