২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ স্ত্রীকে আটকই কি অমৃতপালের আত্মসমর্পণে ভূমিকা রেখেছে

ব্রিটিশ নাগরিক কিরণদীপ গত ফেব্রুয়ারিতে তার বিয়ের এক সপ্তাহ আগে ভারতে আসেন।

ব্রিটিশ স্ত্রীকে আটকই কি অমৃতপালের আত্মসমর্পণে ভূমিকা রেখেছে

ছবি: পিটিআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 10:48 PM

Updated : 24 Apr 2023, 05:19 PM

ভারতের খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং দেশ ছেড়ে পালাতে পারেননি, কারণ তার শঙ্কা ছিল তিনি পালালে হয়তো পুলিশ তার স্ত্রী কিরণদীপ কউরকে গ্রেপ্তার করবে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এমন ধারণাই তুলে ধরেছে।

রোববার ভোরে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং পাঞ্জাব পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পাঞ্জাব সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, অমৃতপাল সিং গত ১৮ মার্চ পাঞ্জাব পুলিশের চোখে ধুলা দিয়ে পালানোর পর থেকেই তার স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক কিরণদীপ কউরের উপর নজর রাখতে শুরু করে পুলিশ।

কিরণদীপ গত ফেব্রুয়ারিতে অমৃতপালের সঙ্গে তার বিয়ের এক সপ্তাহ আগে ভারতে আসেন। আগামী জুলাইয়ে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। সম্প্রতি তিনি পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দর থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়।

এছাড়াও, গত মার্চে অমৃতসরের জাল্লুপুর খেরা গ্রামে অমৃতপালের মায়ের সঙ্গে কিরণদীপকেও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি আরো লিখেছে, বিচ্ছিন্নতাবাদী এই নেতা চাচ্ছিলেন তার স্ত্রী আগে দেশ ছেড়ে বের হয়ে যাক। তার ভয় ছিল তিনি যদি দেশ ছেড়ে পালিয়ে যান, সেক্ষেত্রে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে এবং তার পালানোর জন্য কিরণদীপকে দায়ী করা হতে পারে।

পুলিশের অভিযোগে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবের অমৃতসরের কাছে এক থানায় বন্দি এক সঙ্গীকে মুক্ত করতে অমৃতপাল তার কয়েকশো সমর্থককে নিয়ে থানায় হামলা চালিয়েছিলেন।

তার প্রায় এক মাস পর গত ১৮ মার্চ পুলিশ খালিস্তানপন্থি এই নেতাকে প্রথম গ্রেপ্তার করতে তৎপর হয়, আনা হয় অভিযোগ। এর পর থেকেই পলাতক ছিলেন তিনি।

গ্রেপ্তার এড়াতে ভারতের চারটি রাজ্যে অবস্থান বদল করে পুলিশের চোখকে ফাঁকি দিচ্ছিলেন অমৃতপাল। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও দিল্লিতে অনবরত যাওয়া-আসার মধ্যে ছিলেন তিনি।

পাঞ্জাবের জলন্ধর থেকে পালিয়ে লুধিয়ানা, এরপর হরিয়ানার কুরুক্ষেত্র, দিল্লি, উত্তর প্রদেশের পিলিভিট, উত্তরাখণ্ডের রুদ্রপুর থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর, জলন্ধর হয়ে মোগা, এবং সেখানেই আত্মসমর্পণ।

রোববার স্থানীয় সময় ভোরে মোগা জেলার একটি গুরুদুয়ারার কাছে অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ পায়।

ভারতের জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রথমে অসৃতসরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে আসামের ডিব্রুগড়ের কারাগারে পাঠানো হচ্ছে; সেখানে তার আরও আট সহযোগী বন্দি আছেন।

এনডিটিভি বলছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ব্যক্তগতভাবে এই গ্রেপ্তার অভিযান দেখভাল করেছেন। রোববার ভোর ৪টার দিতে তাকে জানানো হয় যে মোগা গ্রামটি পুরো ঘিরে ফেলা হয়েছে।

মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ ছিল যে গুরুদুয়ার, যেখানে অমৃতপাল লুকিয়ে ছিলেন, কোনোভাবেই সেখানে যেন পুলিশি অভিযান না চলে। এই নির্দেশ মেনে মাত্র দুই বা তিনজন পুলিশ তাকে গ্রেপ্তার করতে গুরুদুয়ারে প্রবেশ করেন।

অমৃতপাল তার স্ত্রীর মাধ্যমে তার সংগঠনের কার্যক্রম পরিচালনায় সংগৃহিত তহবিল ব্যবহার ও যুক্তরাজ্যে জমা করেছেন বলেও জানায় এনডিটিভি।

দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণদীপ কউর বলেছিলেন, তার পরিবার জলন্ধরের বাসিন্দা এবং ১৯৫১ সালে তার পিতামহ যুক্তরাজ্যে অভিবাসী হন। প্রতি দুই বছর পর পর তারা পাঞ্জাব যান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অমৃতপালের সঙ্গে তার পরিচয়।

‘ওয়ারিশ পাঞ্জাব দে’ গোষ্ঠীর সমর্থকেরা অজনালা থানায় হামলা করে তাদের সঙ্গীকে ছিনিয়ে নেওয়ার ঘটনাটি ঘটানোর আগেই বিয়ে সেরে নেন অমৃতপাল। কিরণদীপের সঙ্গে তার বিয়ে হয় গত ১১ ফেব্রুয়ারি।

ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, অমৃতপাল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহযোগিতায় অস্ত্র সংগ্রহ করছিলেন এবং পাঞ্জাবকে সাম্প্রদায়িক বিভক্তির পথে উস্কে দিচ্ছিলেন।

পুরনো খবর:

১১ দিন ধরে পলাতক অমৃতপাল, কোথায় গা ঢাকা? রটছে গুজব
খালিস্তানপন্থি নেতা অমৃতপাল এখনও অধরা,পাঞ্জাবজুড়ে চলছে তল্লাশি
ভারতের খালিস্তানপন্থি নেতা অমৃতপালের আত্মসমর্পণ

অমৃতপালের সঙ্গে জার্নাইল সিং ভিনদ্রানওয়ালের তুলনা চলছে। যিনি ছিলেন খালিস্তান আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা। ইন্দিরা গান্ধীর নির্দেশে শিখদের পবিত্র মন্দির অমৃতসরের স্বর্ণমন্দিরে অভিযান চালিয়ে ভারতীয় সেনাবাহিনী ভিনদ্রানওয়ালকে হত্যা করেছিল। সমর্থকদের কাছে অমৃতপাল ‘দ্বিতীয় ভিনদ্রানওয়াল’ হিসেবে পরিচিত।

ইন্ডিয়া টুডের বরাতে আনন্দবাজার জানিয়েছে, শনিবার সন্ধ্যাতেই জন্মস্থান মোগা শহরে পা রেখেছিলেন অমৃতপাল। তিনি যে শহরে এসেছেন, তা নিজেই ফোন করে পুলিশকে জানিয়েছিলেন। তার পর রোববার ভোরে আত্মসমর্পণ করেন।

অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউরকে মাত্র তিন দিন আগেই আটক করা হয়েছিল। অমৃতসর বিমানবন্দরে প্রথমে তাকে আটকানো হয়। তিনি লন্ডনে যাচ্ছিলেন। কিরণদীপকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দপ্তর।

তারপর সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাকে আটক করা হয়। সেই ঘটনার তিন দিন পরেই ধরা পড়লেন পলাতক নেতা। অনেকের প্রশ্ন, তবে কী স্ত্রীর টানেই অবশেষে হার মানলেন অমৃতপাল। নিজে থেকেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন? - এমন প্রশ্ন তুলেছে ভারতীয় সংবাদ মাধ্যম।