নির্বাচনের পর ইরানে আক্রমণের জন্য ‘ট্রাম্পের প্রতি আহ্বান নেতানিয়াহুর’
ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম জোরদার করা হবে কি না, এ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম।
রোববারের ওই খবরগুলোতে জানানো হয়, ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম জোরদার করা হবে কি না আর করলে কখন করা হবে, এ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।
অ্যাক্সিওস এক মার্কিন ও এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার দুই নেতা তেহরানের সঙ্গে আলোচনার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ সময় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দেন। কিন্তু ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়াটি চলতে দিতে আগ্রহ প্রকাশ করেন।
অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তা এই ফোনালাপকে ‘কঠিন’ বলে বর্ণনা করেছেন, অপরদিকে মার্কিন কর্মকর্তা বর্ণনা করেছেন ‘সরাসরি’ বলে।
রোববার পরেরদিকে ট্রাম্প নিশ্চিত করেন যে তিনি শনিবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এই কথোপকথন নিয়ে তিনি বলেন, “তার সঙ্গে খুব ভালো আলাপ হয়েছে।”
তাদের আলাপের একটি প্রসঙ্গ ইরান ছিল বলে নিশ্চিত করেছেন তিনি।
আল অ্যারাবিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আট মাস ধরে চলা ইরান যুদ্ধের পুরো সময়জুড়ে ট্রাম্প তেহরানের ক্ষেত্রে দ্বিমুখী কৌশল অবলম্বন করেছেন। একদিকে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন অপরদিকে পরোক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছেন।
শনিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই চলছে’ আর এখনও এক বা দুটি লক্ষ্যবস্তুর বিষয়ে ‘ব্যবস্থা নেওয়া বাকি আছে’।
ওয়াশিংটন আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য হাড়াহুড়া করছে না, এমনটি জানিয়ে তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যেই ইরানের সামরিক বাহিনী ও পারমাণবিক কর্মসূচীকে ধ্বংস করে দিয়েছে।
ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এই আলোচনার আগে শনিবার ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি জানান, তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে দুপক্ষের মধ্যে থমকে থাকা আলোচনা ফের শুরু করার আহ্বান জানানো হয়েছে।
