নির্বাচনের আগে ইরানে হামলা করতে চান না, জানালেন নেতানিয়াহু
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে যুদ্ধ শুরু হয়। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। তবে জুনের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে কোনও হামলা হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে আগ বাড়িয়ে হামলা চালানোর পক্ষে নন তিনি।
তবে ইরান বা দেশটির মিত্রগোষ্ঠীগুলো ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “নির্বাচনের আগে ইরানে হামলা চালানো আমাদের জন্য সুবিধাজনক হবে না। ভাল হবে না।”
নির্বাচনের আগে সামরিক সংঘাতে নামার চেষ্টা করছেন বলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগও নাকচ করেছেন তিনি।
এর আগে দুই মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা এবং ওয়াকিবহাল এক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছিল, গত সপ্তাহেই ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে ফোনে কথা হয়েছে।
নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানো যায় কি না, তা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানে যেতে চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্রাম্পকে সেকথা জানিয়েছিলেন তিনি।
তবে এই খবর প্রকাশের পরই ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানালেন, আপাতত ইরানে কোনও হামলা চালানো হচ্ছে না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে দুপক্ষে যুদ্ধ শুরু হয়। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। তবে জুনের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে কোনও হামলা হয়নি।
