নাইজেরিয়ায় জালিয়াতির অভিযোগে বিরোধীদের নতুন নির্বাচন দাবি
তিনটি বিরোধীদল নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ তুলে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এ পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছেন ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবু। তবে তিনটি বিরোধীদল নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং জালিয়াতির অভিযোগ তুলে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে।
দ্য পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি), দ্য লেবার পার্টি এবং দ্য আফ্রিকান ডেমোক্রেটিক কংগ্রেস (এডিসি) রাজধানী আবুজায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়।
বিবিসি জানায়, দলগুলো স্বাধীন নির্বাচন কমিশনের সমালোচনা করার পাশাপাশি তাদের ইলেক্ট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়েও সমালোচনা করেছে। প্রধান বিরোধীদল পিডিপি নির্বাচন যেভাবে পরিচালনা করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ভোট ছিল নানা সমস্যায় জর্জরিত।
দলটি নির্বাচনী কর্মকর্তাদেরকে শনিবারের নির্বাচন অমীমাংসিত আখ্যা দিয়ে আবার সেইসব জায়গায় ভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছে, যেসব জায়গায় ইলেক্ট্রনিক ভোট ব্যবস্থা ব্যবহার হয়নি এবং যেসব জায়গায় সহিংসতার কারণে এই ব্যবস্থায় ভোটগ্রহণ ব্যাহত হয়েছে।
ওদিকে, লেবার পার্টির চেয়ারম্যান জুলিয়াস আবুরে বলেছেন, “আমি এই প্রহসনের নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে নির্বাচনী আইনের আওতায় নির্ধারিত সময়ের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
পিডিপি এবং লেবার পার্টি দুই দলই অভিযোগ করে বলেছে, নতুন ইলেক্ট্রনিক ভোট পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে স্বচ্ছতার অভাব রয়েছে।
নির্বাচন কমিশনও ইলেক্ট্রনিক ভোটিং ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যা হওয়ার কথা জানিয়েছে। সমস্যার কারণে সার্ভারে ভোটের ফল আপলোড করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা।
প্রধান বিরোধীদল পিডিপি সংবাদ সম্মেলনে বলেছে, ভোটের কোনও ফল ঘোষণা করার আগে সার্ভারের সমস্যা ঠিক করা উচিত।
বিক্ষুব্ধ কিছু লোকজন এরই মধ্যে রাজধানী আবুজায় নির্বাচন কমিশনের নিন্দা জানিয়ে বিক্ষোভও করেছে। ভোটের তিনদিনের মাথায় দেশজুড়ে বাড়তে শুরু করেছে উত্তেজনা।
গত শনিবার নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন, ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের সাবেক লাগোস গভর্নর ৭০ বছর বয়সী বোলা টিনুবু। প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির সাবেক সহ-সভাপতি ৭৬ বছর বয়সী আতিকু আবুবাকার এবং অ্যানামব্রা রাজ্যের সাবেক গভর্নর লেবার পার্টির ৬১ বছর বয়সী পিটার ওবি।
দেশটির ৩৬ টি রাজ্যের ১৪ টিতে নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত টিনুবু ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। আর বিরোধীদলীয় প্রার্থী আবুবকর পেয়েছেন ৩৩ শতাংশ ভোট এবং লেবার পার্টির ওবি পেয়েছেন ১৭ শতাংশ ভোট।
নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পাশাপাশি দেশের ৩৬ টি রাজ্যের অন্তত দুই-তৃতীয়াংশ এবং রাজধানী আবুজায় ২৫ শতাংশ ভোট পেতে হবে।
নাইজেরিয়ায় গত শনিবার বেশির ভাগ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও কিছু কেন্দ্রে লুটপাট হয়েছে। বেশ কিছু কেন্দ্রে দেরিতে ভোট গ্রহণ হয়। ভোটগ্রহণে দেরি এবং বিভিন্ন রাজ্যে ফল আপলোড করতে দেরি হওয়ার কারণে বিরোধীরা ভোট জালিয়াতির অভিযোগ করেছেন।
