২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যা করা হতে পারে’, শঙ্কা ইমরানের

আদালতের শুনানি চলাকালে ইমরান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের মাধ্যমে চিকিৎসা নেওয়ার দাবি জানান।

‘কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যা করা হতে পারে’, শঙ্কা ইমরানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 12:32 PM

Updated : 11 May 2023, 04:01 PM

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কারাবন্দি চেয়ারম্যান ইমরান খান কারাগারে তাকে বিষ প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বুধবার নিজের শঙ্কার কথা প্রকাশ করে ইমরান আদালতকে বলেন, “কর্তৃপক্ষ একটি ইনজেকশন দেয় যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে।”

মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) । পরে জানানো হয়, তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পরদিন বুধবার পিটিআইয়ের নেতাকে ইসলামাবাদের পুলিশ লাইনসে স্থাপন করা একটি অস্থায়ী আদালতে তোলা হয়। আদালতের কাছে ইমরানকে ১৪ দিনের জন্য রিমান্ডে চেয়ে আবেদন করেছিল এনএবি, আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করে।

আদালতে শুনানি চলাকালে ইমরান তার চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের মাধ্যমে চিকিৎসা নেওয়ার দাবি জানান। তিনি জানান, মাকসুদ চাপরাশিকে যে ধরনের ‘শাস্তিমূলক চিকিৎসা’ দেওয়া হয়েছিল তা এড়াতে চান তিনি।

জিও নিউজ জানিয়েছে, মালিক মাকসুদ আহমদ ওরফে মাকসুদ চাপরাশি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা এক হাজার ৬০০ কোটি রুপির অর্থপাচার মামলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ২০২২ এর জুনে সংযুক্ত আরব আমিরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে এর প্রকৃত কারণ বের করতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে পিটিআই।   

ওই বছরের এপ্রিলেই পার্লামেন্টে এক অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। ক্ষমতা হারানোর সাত মাসের মধ্যে তাকে হত্যার চেষ্টায় হামলা চালানো হয়। এই হামলার পেছনে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ছিলেন বলে অভিযোগ ইমরানের; তবে তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন এবং ইমরানও তার দাবির স্বপক্ষে কর্তৃপক্ষের কাছে এ পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেননি।

ইসলামাবাদের পুলিশ লাইনসে স্থাপন করা অস্থায়ী আদালতে শুনানি চলাকালে ইমরান অভিযোগ করে বলেন, পাকিস্তানের আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা আটক করে এনএবির দপ্তরে নিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়।  

মঙ্গলবার রেঞ্জার্সের কর্মকর্তারা ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করার পর একটি কালো টয়োটা হিলাক্স ভিগো গাড়িতে করে ইমরানকে রাওয়ালপিন্ডিতে এনএবির দপ্তরে নিয়ে যান।

দুটি মামলায় ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন ইমরান। তবে ওই দুই মামলায় নয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটি দুর্নীতির মামলায়, যাকে বলা হচ্ছে আল কাদির ট্রাস্ট মামলা। 

আল কাদির ট্রাস্ট মামলায় পিটিআই প্রধান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে একটি রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে কয়েকশ কোটি রুপি এবং কয়েকশ কানাল (পাকিস্তানে জমি পরিমাপের একটি একক, ১ কানাল=৫০৬ বর্গমিটার) জমি নেওয়ার অভিযোগ রয়েছে।  

ইমরানকে গ্রেপ্তারের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান, আল কাদির ট্রাস্টের ৬০ বিলিয়ন রুপি আত্মসাতের মামলায় পিটিআই প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর:

পুরনো খবর:

আল কাদির ট্রাস্ট মামলা: কী অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে
ইমরানের দলের অন্যতম নেতা শাহ্ মাহমুদ কুরেশি গ্রেপ্তার
কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ লাইনসের আদালতে ইমরান
ইমরানের দলের তৎপরতা ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
জনগণকে উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর