গাজায় রক্তপাতে ইসরায়েলকে দুষছে উত্তর কোরিয়া
“সমস্যা সমাধানের মৌলিক উপায় হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা”, বলছে উত্তর কোরিয়া।
ফিলিস্তিনের গাজায় রক্তপাতের জন্য ইসরায়েলকে দায়ী করছে উত্তর কোরিয়া।
রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোডং সিনমুন পত্রিকা বিদেশি মিডিয়ার বরাত দিয়ে সংঘাত ও হতাহতের বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, “আন্তর্জাতিক সম্প্রদায় দাবি করে, এই সংঘর্ষ ফিলিস্তিনির জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল এবং এর সমাধানের মৌলিক উপায় হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা।”
শনিবার থেকে চলা হামাস ও ইসরায়েলের সংঘর্ষে উভয় পক্ষের দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
চলমান সংঘাতে হামাসের রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইসরায়েলি সরকারের পাশে থাকার কথা জানিয়েছে। অন্যদিকে, ইরান ইসরায়েলের উপর ফিলিস্তিনিদের এ হামলাকে সমর্থন করেছে।
ইরাক, ইয়েমেন ও জর্ডানে ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হয়েছে।
এদিকে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত, সংযত থাকার আহ্বান জানিয়েছে। সমস্যা সমাধানের মূল পথ হিসেবে দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছে তারা।
অপরদিকে হামাসের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও কানাডা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাত বাড়িয়ে তোলার জন্য ইসরায়েলকেই এককভাবে দায়ী করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুদ্ধ পরিস্থিতির জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে কুয়েত। সহিংসতার মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে মিশর সংশ্লিষ্ট সব পক্ষকে যতটা সম্ভব সংযত থাকার আহ্বান জানিয়েছে।
গাজা সংঘাত নিয়ে আন্তর্জাতিক সম্প্রদয়ের পক্ষে-বিপক্ষে বক্তব্যের মধ্যে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের পক্ষে বক্তব্য এলো।
আরও পড়ুন-
