২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে হামলা করেছে ইসরায়েল

চিরশত্রু দুই দেশ ইসরায়েল ও লেবানন ২০০৬ সালে কয়েক মাস ধরে যুদ্ধ করার পর এখন একটি যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 12:27 PM

Updated : 08 Oct 2023, 01:45 PM

লেবানন থেকে ‘মর্টার শেল’ ছোড়ার পর জবাব দিতে সেখানে কামানের গোলা ছুড়েছে ইসরায়েল।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর একজন মুখপাত্র জানান, মাউন্ট ডোভ অঞ্চলে রোববার গোলাগুলির ওই ঘটনা ঘটেছে।

তিন দেশের সংযোগস্থলে অবস্থিত পাহাড়ি এই ছোট্ট ভূখণ্ডটির দাবিদার ইসরায়েল, লেবানন এবং সিরিয়া।

দুই প্রতিবেশী ইসরায়েল ও লেবাননের সম্পর্ক চিরবৈরী। ২০০৬ সালে কয়েক মাস ধরে যুদ্ধের পর দুই দেশ এখন একটি যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে।

শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের চালানো নজিরবিহীন এক রক্তক্ষয়ী হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েল এখন আকাশ থেকে হামলা চালিয়ে গাজাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে।

গাজার হামাসের মত লেবাননের সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলকে তাদের চরম শত্রু মনে করে। হিজবুল্লাহ হলো শিয়া ইসলামপন্থী রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন। যারা লেবাননে যথেষ্ট প্রভাবশালী। হামাসের মত হিজবুল্লাহরও বড় ছায়া ইরান।

ইসরায়েল হামাসের সঙ্গে তাদের লড়াইয়ে হিজবুল্লাহকে দূরে থাকতে এবং এই যুদ্ধে নিজেদের না জড়াতে সতর্ক করেছে।

এদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি ‘সংহতি’ জানাতে তারা তিনটি পোস্ট থেকে রকেট ও কামানের গোলা ছুড়েছে।

পুরনো খবর:

‘গাজার চিত্র পাল্টে দেব’, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুঙ্কার
হামাস-ইসরায়েল তুমুল লড়াই কোথায় গড়াবে?