২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস-ইসরায়েল তুমুল লড়াই কোথায় গড়াবে?

হামাসের এই হামলা পরিকল্পনার বিষয়ে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি ইসরায়েলের ডাকসাইটে গোয়েন্দারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 01:42 AM

Updated : 08 Oct 2023, 03:07 AM

গাজা থেকে চালানো এ যাবৎকালের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় হতবিহ্বল ইসরায়েল প্রতিশোধ নিতে তীব্র আক্রোশে আকাশ থেকে একের পর এক হামলা চালিয়ে গাজা স্ট্রিপকে যেন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে; যা আরও তুমুল লড়াইয়ের ক্ষেত্র তৈরি করেছে।

আক্রমণ-পাল্টা আক্রমণ আর উভয় পক্ষের যুদ্ধংদেহী হুংকারে রক্তক্ষয়ী এ সংঘর্ষের পরিণতি যে কোথায় গিয়ে থামবে তা ভাবনার ফুরসৎ মিলছে না নতুন নতুন হামলা ও লড়াইয়ের খবরের মধ্যে। ইতোমধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের দুই শতাধিক করে চার শতাধিক ব্যক্তির প্রাণহানি এবং হাজারো মানুষের হতাহতের খবরের মধ্যে আরেকটি ভয়ঙ্কর যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। ভয় ও আতঙ্কে উভয় দেশের বাসিন্দারা অনিশ্চিত এক রাত্রিযাপন শুরু করেছেন।

ইহুদিদের ধর্মীয় উৎসব ‘সিমচাট তোরাহ’ উদযাপন করতে শনিবার ইসরায়েলে সরকারি ছুটি ছিল। কিন্তু উৎসব আয়োজন দূরে থাক বরং এদিন ভোরবেলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে যেন কেয়ামত নেমে এসেছিল। ঘুমের ঘোরেই সেখানকার বাসিন্দারা গাজা স্ট্রিপ থেকে ছোড়া একের পর এক রকেটের প্রচণ্ড বিস্ফোরণ আর সাইরেনের তীব্র আওয়াজের মধ্যে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন।

হামাস যোদ্ধারা শুধু হাজার হাজার রকেট ছুড়েই ক্ষান্ত হয়নি। বরং ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত সীমান্ত পেরিয়ে কাছের শহর এসদেরত, সীমান্তের কাছে বসবাস করা কমিউনিটি বে’রি এবং ওফাকিম শহরে রীতিমত হত্যাযজ্ঞ চালায় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর। এসদেরতে সড়কে, গাড়ির ভেতর, বাড়ির পাশে বা উঠানে বহু মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামাসের বন্দুকধারীরা বেসামরিক নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে লোকজনদের হত্যা করেছে। কিছু বুঝে ওঠার আগেই এসব ঘটনা ঘটে যাবার কয়েক ঘণ্টা পর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। প্রতিশোধ নিতে বিমান হামলা শুরু করে গাজায়।

অথচ হামাসের এই হামলা পরিকল্পনার বিষয়ে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি ইসরায়েলের ডাকসাইটে গোয়েন্দারা।

হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ২০০ জন নিহত এবং ১,১০০ জনের বেশি আহত হওয়ার খবর দিয়েছে দেশটির এন১২ নিউজ। এছাড়া ইসরায়েলের সেনাবাহিনীর একজন মেজর জেনারেলসহ সামরিক-বেসামরিক মিলিয়ে ৫৩ জন ইসরায়েলিকে ‘যুদ্ধবন্দি’ করে গাজায় নিয়ে যাওয়ার দাবি করেছে হামাস।

Image

গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলের দক্ষিণের আশকেলনে জ্বলতে থাকা একটি গাড়ির আগুন নেভানোর চেষ্টা চলছে।ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের দেশের নাগরিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার কথা নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি।

আকাশ থেকে গাজার উপর তীব্র হামলা চালিয়ে এর প্রতিশোধ নিচ্ছে ইসরায়েল। সকালের হামলার পরপরই দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েলের নাগরিকরা, আমরা যুদ্ধে আছি- এটা কোনো অপারেশন নয়, কোনো উস্কানি নয়, এটা একটি যুদ্ধ। এবং শত্রুদের চড়া মূল্য দিতে হবে।”

Image

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এসদেরত নগরীতে ঢুকে হামাস যোদ্ধারা সাধারণ মানুষের উপর গণহত্যা চালায়।

ইসরায়েলের হামলায় গাজায় ২৩২ জন নিহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন অন্তত ১,৭৯০।

হতাহতের এই সংখ্যা যে আরো অনেক বাড়বে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। কারণ, ইসরায়েল তাদের হামলা তীব্র থেকে তীব্রতর করছে। এমনকি দেশটি স্থল হামলার পরিকল্পনাও করছে। যদিও ইসরায়েলি নাগরিকরা হামাসের হাতে বন্দি থাকায় তারা খানিকটা বেকায়দায় রয়েছে। এসব বন্দিদের বিনিময়ে তারা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার দাবিও তুলেছে বলে খবর এসেছে সংবাদমাধ্যমে।

গত বেশ কয়েক মাস ধরে ফিলিস্তিনিদের চোরাগোপ্তা হামলা আর গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর একের পর এক অভিযান যেকোনো মুহূর্তে বড় ধরণের বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছিল। তবে কখন বা কোথায় তা ঘটবে তা একমাত্র হামাস ছাড়া আর সবার জন্যই সম্পূর্ণ বিস্ময়কর ছিল।

শনিবারের হামলার পর যুক্তরাষ্ট্রসহ সব মিত্রদেরই পাশে পেয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলার পর বলেছেন, তারা ইসরায়েলের পাশেই আছেন। কোনো ভুলের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

একই ভাবে ইরানসহ ফিলিস্তিনের মিত্ররাও তাদের পাশে দাঁড়িয়েছে। ইরাক, ইয়েমেন, লেবানন ও তুরস্কে হামাসের হামলার সমর্থনে মিছিল হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইসরায়েল বলেছে, এ হামলার জন্য একমাত্র হামাস দায়ী এবং তাদের এর ফল ভোগ করতে হবে। ইসরায়েল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছে।

Image

ইসরায়েলের সেনাবাহিনীর কাছ থেকে ছিনিয়ে আনা একটি সামরিক যানে ফিলিস্তিনি যোদ্ধারা।

এদিকে, প্রতিবেশী দেশে সংঘাতের জেরে লেবানন ইসরায়েল সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে।

এখন যা পরিস্থিতি তাতে মধ্যপ্রাচ্যে আরো একটি বড় যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, ইসরায়েলের মত হামাসও বলেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছে এবং সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে।

ইসরায়েলের উপর মিশর ও সিরিয়ার আকস্মিক হামলার জেরেই ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সূত্রপাত হয়েছিল। শুক্রবার ছিল সেই যুদ্ধের ৫০তম বার্ষিকী। পরদিনই হামলা চালায় হামাস।

পুরনো খবর:

কীভাবে ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দাদের ফাঁকি দিল হামাস
গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ১৯৮ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলে নজিরবিহীন হামলায় নিহত ৪০
আমরা ‘যুদ্ধে আছি’: হামাসের হামলায় হতাহতের পর নেতানিয়াহু
ইসরায়েলকে ‘দৃঢ় সমর্থন’ যুক্তরাষ্ট্রের, ফিলিস্তিনিদের পাশে ইরান