২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার মধ্য, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা

গাজার উত্তরাঞ্চলে গাজা সিটির এক স্কুল ভবনে ইসরায়েলের বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়।

গাজার মধ্য, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2024, 05:39 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

ফিলিস্তিনের ছিটমহল গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী অন্তত ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। 

শুক্রবার তাদের ট্যাংক বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিম প্রান্তের দিকে অগ্রসর হয়েছে।  

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শেষ অক্ষত যুদ্ধ ইউনিটগুলো রাফায় লুকিয়ে আছে আর তাদের নির্মূল করা দরকার, এমন কারণ দেখিয়ে এক মাস আগে মিশরের সীমান্তবর্তী ফিলিস্তিনি শহরটিতে হামলা শুরু করে ইসরায়েল। 

রাফার বাসিন্দারা জানিয়েছেন, মিশরের সঙ্গে গাজার সীমান্তের দক্ষিণপশ্চিম প্রান্ত দিয়ে ট্যাংক বহরকে সামনে রেখে ইসরায়েলি বাহিনী অগ্রসর হয়েছে, ভূমধ্যসাগরের উপকূলে আল-ইজবা এলাকায় ট্যাংকগুলো অবস্থান নিয়েছে আর স্নাইপাররা কিছু ভবন অধিকার করে সেগুলোতে ও উঁচু স্থানগুলোতে পজিশন নিয়েছে, এভাবে তারা শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়িতে আটকে ফেলেছে। ইসরায়েলি মেশিনগানগুলো গুলিবর্ষণ করতে থাকায় বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।  

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাংকের গোলায় রাফার পশ্চিমাংশে দুই ফিলিস্তিনি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আর গাজার মধ্যাঞ্চলে রাতভর ইসরায়েলের বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।    

ফিলিস্তিনি এক বাসিন্দা চ্যাট অ্যাপের মাধ্যমে রয়টার্সকে বলেছেন, “আমার মনে হয় দখলদার বাহিনী রাফার সৈকত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। রাতে তাদের চালানো অভিযান ও বোমাবর্ষণ কৌশলগত ছিল, প্রচণ্ড গোলাগুলির মধ্যে তারা প্রবেশ করে আর তারপর পিছু হটে।” 

গাজার উত্তরাঞ্চলে গাজা সিটির এক স্কুল ভবনে ইসরায়েলের বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়। এই স্কুলটি বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।  

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ওই স্কুলের প্রাঙ্গণে থাকা একটি কন্টেইনারের ভেতর থেকে হামাসের বন্দুকধারীরা গুলি চালাচ্ছিল, তাদেরই লক্ষ্যস্থল করেছে তারা। 

এর আগে বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে নুসেইরাতে জাতিসংঘের একটি স্কুল ভবনে বিমান হামলার কারণ হিসেবেও একই ধরনের ব্যাখ্যা দিয়েছিল ইসরায়েল। ওই হামলায় ১৪টি শিশুসহ ৪০ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন। 

জাতিসংঘ জানিয়েছে, ওই স্কুলটিতে প্রায় ছয় হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে ছিল।  

ইসরায়েলের অভিযোগ, ওই স্কুলে হামাসের একটি লুকানো কমান্ড পোস্ট ছিল। সেখানে বৃহস্পতিবার তাদের হামলায় হামাসের ১৭ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। তারা তাদের কথিত নিহত এসব যোদ্ধার পরিচয়ও প্রকাশ করেছে। 

জাতিসংঘের স্কুলটিতে তাদের একটি কমান্ড পোস্ট লুকানো ছিল, হামাস ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছে।  

আরও খবর: 

শিশু অধিকার লঙ্ঘন: অভিযুক্তদের তালিকায় ইসরায়েলি বাহিনী, যুক্ত হবে হামাসও

গাজা স্কুলে হামলা: ইসরায়েলের কাছে পরিষ্কার তথ্য চায় যুক্তরাষ্ট্র