সুদানের দারফুরে আধাসামরিক বাহিনীর হাতে ঝরল ১৩ প্রাণ
একদিন আগেই বাহিনীটি হাসাপাতালে গোলাবর্ষণ করেছিল।
সুদানের দারফুর অঞ্চলে একদল ব্যক্তির ওপর হামলা চালিয়েছে কুখ্যাত আধাসামরিক বাহিনী, যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
একটি চিকিৎসক সংগঠন জানিয়েছে, রোববারের এ ঘটনায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হাতে এটিই সবশেষ হত্যাকাণ্ড। বাহিনীটি আগের দিন উত্তর দারফুরের অবরুদ্ধ শহর এল-ফাশেরের একটি হাসপাতালে গোলাবর্ষণ করেছিল। এল-ফাশের ও কাছাকাছি শহর টুয়েলা’র সংযোগ সড়কে হামলাটি হয়েছিল।
সুদানের গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করছে দেশটির চিকিৎসা পেশাজীবীদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক। তারা জানিয়েছে, রোববার যারা নিহত হয়েছে, তাদের মধ্যে পাঁচজন শিশু, চারজন নারী ও চারজন বয়স্ক মানুষ রয়েছে।
আরএসএফের এ হামলাকে ‘জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
“দারফুরে নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে আরএসএফের জাতিগত নিধন ও গণহত্যার চলমান অভিযানের আরেকটি অধ্যায় এই হত্যাকাণ্ড।”
আরএসএফ শনিবার এল-ফাশেরের হাসপাতালে যে গোলাবর্ষণ করে, তাতে একজন স্বাস্থ্যকর্মী ও ছয়জন রোগী আহত হন। আহতদের মধ্যে একজন শিশু এবং এক গর্ভবতী নারীও আছেন।
পরপর দুই দিনের হামলার বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি।
