২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ত্রাণ প্রবেশ করতে দিতে গাজার সড়কে ‘সামরিক বিরতির’ ঘোষণা ইসরায়েলের

এই বিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকবে।

ত্রাণ প্রবেশ করতে দিতে গাজার সড়কে ‘সামরিক বিরতির’ ঘোষণা ইসরায়েলের
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 04:17 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ফিলিস্তিনি ছিটমহলে আরও মানবিক ত্রাণ প্রবেশ করতে দিতে তারা গাজার দক্ষিণাঞ্চলের কিছু অংশে প্রতিদিন ‘সামরিক কার্যকলাপে কৌশলগত বিরতি’ দেবে।   

শনিবার থেকে শুরু হওয়া এই বিরতি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। 

‘সামরিক কার্যকলাপে এই কৌশলগত বিরতি’ ইসরায়েল ও দক্ষিণ গাজার মধ্যবর্তী কেরেম শালোম ক্রসিং থেকে গাজার প্রধান মহাসড়ক সালাহ আল-দিন রোড হয়ে উত্তরদিকে খান ইউনুস শহরের কাছে ইউরোপীয় হাসাপাতাল পর্যন্ত বিস্তৃত হবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

রয়টার্স জানিয়েছে, গাজা ভূখণ্ডের বাসিন্দারা গভীর মানবিক সঙ্কটে আছে আর তা ক্রমে আরও গভীর হচ্ছে বলে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে। গাজার মানবিক সঙ্কট যে আরও খারাপ না হয় তা নিয়ে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের ধারাবাহিক চাপের মুখে আছে ইসরায়েল। 

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে মানবিক সঙ্কট নিয়ে ‘আরও আলোচনার’ পর রোববারের এ ঘোষণা দেওয়া হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। 

সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে আইডিএফ স্পষ্ট করে বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে কোনো যুদ্ধবিরতি হচ্ছে না এবং রাফায় হামাসের অবশিষ্ট ব্রিগেডগুলোর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। 

এক মাসেরও বেশি সময় আগে ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশ করার পর থেকে শহরটিতে আগে থেকে আশ্রয় নিয়ে থাকা কয়েক লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু পালিয়ে গেছে। ওই সময় ইসরায়েলি সেনারা গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা ক্রসিংও দখল করে নেয়। তারপর থেকে গাজায় ত্রাণ প্রবেশের প্রধান এই ক্রসিংটি বন্ধ হয়ে আছে। 

আরও পড়ুন

গাজার রাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত