২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাজার রাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত

রাফার পশ্চিমাংশের ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানে  চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল আল-কাসাম ব্রিগেড।

গাজার রাফায় ৮ ইসরায়েলি সেনা নিহত
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 12:30 AM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। 

শনিবার তারা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। 

রয়টার্স জানিয়েছে, হামাসের যোদ্ধাদের খোঁজে রাফার ভেতরে ও আশপাশে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। এ দিন তাদের হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

এর আগে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানায়, রাফার পশ্চিমাংশের আল-সুলতান এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) চোরাগোপ্তা হামলা চালিয়ে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে। 

ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরেই আল-সুলতান এলাকায় অভিযানরত আছে। তারা এলাকাটির অনেক গভীরে ঢুকে পড়েছে। 

ইসরায়েলি ট্যাংকগুলো তেল আল-সুলতান এলাকায় অগ্রসর হয়ে উপকূলীয় এলাকা লক্ষ্য করে গোলা ছুড়েছে। ইতোমধ্যেই কয়েকবার বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ফিলিস্তিনি ওই উপকূলীয় এলাকায় আশ্রয় নিয়ে আছে। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর ইতোমধ্যেই আট মাসেরও বেশি পার হয়ে গেছে। একটি যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে শুরু করলেও যুদ্ধ বন্ধ করার মতো কোনো চুক্তি এখনও অনেক দূর মনে হচ্ছে। একদিকে আলোচনা চললেও গাজায় ধারাবাহিক রক্তপাত থামার কোনো লক্ষণ নেই। 

গাজা সিটির শহরতলীর দু’টি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক আরেকটি হামলায় চারজন নিহত হয়েছেন বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন।  

শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাফায় তাদের বাহিনীগুলো বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে, এসব অস্ত্র হামাসের তৈরি করা বিস্তৃত টানেল নেটওয়ার্কের পাশাপাশি উপরেও পাওয়া গেছে। 

তারা জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের মানবিক এলাকা থেকে শুক্রবার পাঁচটি রকেট ছোড়া হয়েছে। এসব রকেটের মধ্যে দু’টি ইসরায়েলের এক খোলা জায়গায় পড়েছে আর অন্য তিনটি গাজার ভেতরেই পড়েছে।   

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে গাজায় অবিরাম হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত অন্তত ৩৭২৯৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে আর এদের মধ্যে অন্তত ৩০ জন গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন।  

আরও পড়ুন:

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা