২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি পরিবার আলজেরিয়ায়, ফেরত চায় বিদ্রোহীরা

লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির পরিবার আলজেরিয়ায় আছে- দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানানোর পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে তাদের ফেরত চেয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার অধিকার আছে বলে দাবি করেছে আলজেরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ত্রিপোলি, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির পরিবার আলজেরিয়ায় আছে- দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানানোর পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে তাদের ফেরত চেয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার অধিকার আছে বলে দাবি করেছে আলজেরিয়া। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, সোমবার সকালে আলজেরিয়ায় যান গাদ্দাফির স্ত্রী সোফিয়া, মেয়ে আয়েশা এবং দুই ছেলে হানিবল ও মোহাম্মদ। তাদেরকে দেশে ঢুকতে দিয়ে আলজেরিয়া আগ্রসী পদক্ষেপ নিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছে লিবিয়ার বিদ্রোহী পরিষদ। বিদ্রোহীদের মুখপাত্র মাহমুদ শাম্মাম বলেন, আলজেরিয়া আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। লিবিয়ার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে তারা। গাদ্দাফির পরিবারকে লিবিয়ায় ফেরাতে বিদ্রোহী পক্ষ সব ধরনের আইনের আশ্রয় নেবে বলে জানান তিনি। কিন্তু বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে আলজেরিয়ার সিদ্ধান্ত সমর্থন করে দেশটির রাষ্ট্রদূত বেনমেহিদি বলেন, তাদেরকে সহায়তা করা আলজেরিয়ার কর্তব্য। তাছাড়া, সাহারা অঞ্চলের বহু জায়গাতেই যে কাউকে সহায়তা করা আইনগতভাবেও বাধ্যতামূলক। লিবিয়ার ন্যাশনাল ট্র্যানসিশনাল কাউন্সিলের (এনটিসি) নতুন সরকার গঠনের প্রস্তুতিলগ্নে এ ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল দেখা দেওয়ার হুমকি সৃষ্টি করেছে। লিবিয়ার বিদ্রোহী যোদ্ধারা ত্রিপোলি দখলের পর থেকে এখনো গাদ্দাফির খোঁজ মেলেনি। ছয়দিন আগে বিদ্রোহীরা ত্রিপোলি দখল করলে আত্মগোপন করেন গাদ্দাফি। তিনি কোথায় আছেন তা কারো জানা নেই। গাদ্দাফিকে ধরা বা মারার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতোমধ্যেই। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে শাম্মাাম গাদ্দাফি এবং তার ছেলেদেরকে আশ্রয় না দেওয়ার ব্যাপারে প্রত্যেক দেশকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, "আমরা তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করবো। আমরা ওইসব অপরাধীদের বিচারের প্রতিশ্র"তি দিয়েছি।" শাম্মাম আরো বলেন, "আমরা শুনেছি, গাদ্দাফির পরিবার অন্য কোনো দেশে না যাওয়া পর্যন্ত আলজেরিয়া তাদেরকে আশ্রয় দেবে। তারা অন্য আরেক দেশে যাওয়ার চেষ্টা করছে। খুব সম্ভবত পূর্ব ইউরোপের কোনো দেশে।" এক টেলিভিশন সাক্ষাৎকারে এনটিসি চেয়ারম্যান মুস্তফা আব্দুল জলিল বলেন, গাদ্দাফি কোথায় আছেন তা জানলে ইতিমধ্যে আমাদের বাহিনী তাকে আটক করতে রওনা দিতো। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ায় আছেন কি না, সে ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে নেই। গত ছয় মাস ধরে সংঘাতের পর নেতা গাদ্দাফি ও তার সহযোগীদের ৪২ বছরের দুঃশাসনের জন্য শাস্তির মুখোমুখি করতে মুখিয়ে আছে বিদ্রোহীরা। তবে ধরা না পড়লে গাদ্দাফি আরেকটি বিদ্রোহের জন্ম দিতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। আলজেরিয়াকে গাদ্দাফিসহ অন্যান্যদের বিচারে সহায়তা করার আহ্বান জানিয়েছেন আব্দুল জলিল। এছাড়া, বিদ্রোহীদের সাহায্য করতে ন্যাটোকে বিমান হামলা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭০১ঘ.