২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-কোলাই সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৫০০, আরো একজনের মৃত্যু

ইউরোপজুড়ে এক প্রজাতির ই-কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ে আক্রান্তের সংখ্যা ১৫শ' ছাড়িয়ে গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 07:51 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

জার্মানি, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপজুড়ে এক প্রজাতির ই-কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ে আক্রান্তের সংখ্যা ১৫শ' ছাড়িয়ে গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানান। ইউরোপের নয়টি দেশে ই-কোলাই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরমধ্যে জার্মানিতে সংক্রমণের সংখ্যা সর্বাধিক। ই-কোলাই ব্যাক্টেরিয়ার এই প্রজাতিটি মানবদেহে প্রবেশ করে শিগা টক্সিন নামক এক প্রকার বিষ তৈরি করে তাতে হেমোলাইটিক-ইউরেমিক সিনড্রোম (এইচইউএস) তে আক্রান্ত হয় মানুষ। রোববার এইচইউএস- এ আক্রান্ত ৮৪ বছর বয়স্ক এক নারী মারা গেলে জার্মানিতে মৃতের সংখ্যা ১৬ তে দাঁড়ায়। এইচইউএসতে সুইডেনেও একজন মারা গেছে। জার্মানিতে এ পর্যন্ত এক হাজার ৫শ' ৩৪ জন ই-কোলাই সংক্রমণের শিকার হয়েছেন যাদের মধ্যে ৪৭০ জন এইচইউএস- এ আক্রান্ত হয়েছেন। সুইডেনে সংক্রমণের শিকার হয়েছেন ৪১ জন যাদের ১৫ জন এইচইউএস-এ আক্রান্ত হয়েছেন। এছাড়া ডেনমার্কে ৭ জন, নেদারল্যান্ডসে ৩ জন, যুক্তরাজ্যে ২ জন এবং স্পেনে একজনের এইচইউএস -এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রেও তিনজন সংক্রমিত হয়েছে বলে ইউরোপিয়ান ইউনিয়ন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। সংক্রমণের উৎস এখনও শনাক্ত করা যায়নি। ইএইচইসি নামের ই-কোলাই ব্যাক্টেরিয়ার এই মারাত্মক প্রজাতিটি মানুষ, গরুসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর পরিপাকতন্ত্রে পাওয়া যায়। শুরুর দিকে স্পেন থেকে আমদানিকৃত শশাকে সংক্রমণের জন্য দায়ী করে জার্মান কর্তৃপক্ষ। কিন্তু আরো পরীক্ষার পর মঙ্গলবার তারা স্বীকার করে আমদানিকৃত শশাগুলোতে মারাত্মক ই-কোলাই ব্যাক্টেরিয়ার প্রজাতিটি অনুপস্থিত ছিল। এর প্রতিক্রিয়ায় বুধবার স্পেন জানায় তারা হামবুর্গ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। ই-কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহর থেকেই শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৮ ঘ.