সোমালিয়ায় শপিং মলে গাড়িবোমায় নিহত ১১
সোমালিয়ার রাজধানীতে একটি গাড়িবোমা হামলায় ১১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। হামলাটি ইসলামপন্থি জঙ্গি দল আল-শাবাব চালিয়েছে বলেই ধারণা প্রকাশ করেছে পুলিশ।
মোগাদিসুর হামারউইনে জেলার দোকান এবং রেস্তোঁরা পরিপূর্ণ একটি ব্যস্ত এলাকায় সোমবার এ গাড়িবোমা বিস্ফোরণ ঘটে।
হামলাস্থলে ভেঙে পড়া একটি ভবন থেকে কয়েকজনের লাশ সরানো হয়েছে। এ পর্যন্ত মারা গেছে ১১ বেসামরিক নাগরিক। আহত হয়েছে আরো ১০ জন। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসেইন একথা জানিয়েছেন। তিনি এর আগে নিহতের সংখ্যা দুইজন বলে জানিয়েছিলেন।
রয়টার্সের একজন সাংবাদিক ঘটনাস্থলে নিহত একজনকে দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। সেখানে চারটি গাড়ি পুড়েছে এবং একটি রেস্টুরেন্ট ধ্বংস হয়েছে।
সোমালিয়ার রাজধানী মোগাদিসু ও অন্যান্য অংশে সরকার ও অন্যান্য লক্ষ্যে আল-শাবাব প্রায়ই হামলা চালায়। জঙ্গি এ গ্রুপটি পশ্চিমা সমর্থিত সরকারকে উৎখাত করে নিজেদের শরিয়া আইন ভিত্তিক শাসন কায়েম করতে চাইছে।
সোমালিয়ার বাইরেও এ দলটি হামলা চালিয়ে থাকে। গত মাসে দলটি প্রতিবেশী দেশ কেনিয়ায় একটি কার্যালয় এবং হোটেল কমপ্লেক্সে আত্মঘাতী ও বন্দুক হামলা চালিয়ে ২১ জনকে হত্যা করেছে।
