২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরফ শীতল জলে সাঁতার প্রতিযোগিতা, অংশ নিল প্রায় ২ হাজার

জার্মানিতে নদীর বরফ শীতল জলে একটি সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছে সব বয়সী প্রায় দুই হাজার লোক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 04:11 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

শনিবার জার্মানির দক্ষিণাঞ্চলে দানিয়ুব নদীতে বার্ষিক ৪০০ মিটার সাঁতার প্রতিযোগিতায় রেকর্ড এক হাজার ৯১৭ জন অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ বছর জনপ্রিয় এই প্রতিযোগিতাটি ৫০তম বছরে পা দিয়েছে। 

অধিকাংশ অংশগ্রহণকারী নিওপ্রিনের তৈরি সাঁতারের পোশাক, ভাইকিং হেলমেট ও বিভিন্ন রংয়ের বর্ণিল পোশাক পড়ে অংশ নিলেও তথাকথিত ৭০ জন ‘নাঙ্গা সাঁতারু’ শুধু তাদের গোসলের পোশাক পড়ে অংশ নিয়েছেন। 

এ সময় নদীর পানির তাপমাত্রা ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছেন সংগঠকরা। ২০ জন সাঁতারু হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ার পর তাদের পানি থেকে সরিয়ে নেওয়া হয়। স্বেচ্ছাসেবীরা তাদের গরম স্যুপ দিয়ে আপ্যায়িত করেন।

সাঁতারু মিখায়েল মোলার জানান, এখানে আসার পর প্রথম দুই বছর নিওপ্রিনের পোশাক পড়ে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু তারপর থেকে গত ১৩ বছর ধরে খোলা বুকেই অংশ নিচ্ছেন।

“এটা পুরো সতেজ করে তোলে,” বলেন তিনি।   

আরেক সাঁতারু টমাস গিজফেল্ড অংশগ্রহণের অভিজ্ঞতাকে ‘আমোদজনক’ বলে বর্ণনা করেছেন। 

“যখন শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেই অনুভূতিটা অসাধারণ, অনুভূতিটা শ্যাম্পেনের মতো, পরবর্তী কয়েক ঘন্টা ধরে যেন বাতাসে হাঁটছেন এমন অনুভব করবেন। পুরোটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু এর তুলনা নেই,” বলেন তিনি।

এ বছর ১৬২টি সম্প্রদায়ের ২২২টি গোষ্ঠী প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানিয়েছেন সংগঠকরা। এদের মধ্যে পোল্যান্ড, ফ্রান্স ও চেক রিপাবলিকের প্রতিযোগীও ছিল বলে জানিয়েছেন তারা।