২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু স্থাপনায় ‘ইসরায়েলি হামলা ঠেকিয়েছেন’ ট্রাম্প

ট্রাম্প ইসরায়েলের সামরিক পদক্ষেপে সহায়তা করার বদলে তেহরানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন, বলেছে নিউ ইয়র্ক টাইমস।

ইরানের পরমাণু স্থাপনায় ‘ইসরায়েলি হামলা ঠেকিয়েছেন’ ট্রাম্প
ইস্টার সানডের আগে হোয়াইট হাউজে এক প্রার্থনা ও নৈশভোজে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের পরিকল্পিত একটি হামলা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আটকে দিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। 

হামলার বদলে তিনি তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে তাদের সঙ্গে আলোচনার পথকেই বেছে নিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও এ সম্বন্ধে অবগত অন্যদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বলেছে মার্কিন সংবাদমাধ্যমটি। 

ইরানের পারমাণবিক সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যার সাহায্যে তার এক বছর বা তারচেয়ে খানিকটা বেশি সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারবে বলে গুঞ্জন রয়েছে। 

তেহরানের ওই সক্ষমতা ভণ্ডুল করার লক্ষ্যে মে মাসের মধ্যে তাদের পরমাণু স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল, বলছে নিউ ইয়র্ক টাইমস।  

কিন্তু এ ধরনের হামলা চালাতে গেলে যুক্তরাষ্ট্রের সায় ও সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, ইরান পাল্টা ইসরায়েলে হামলা চালালে ওয়াশিংটনকে ঢাল হয়ে দাঁড়াতে হবে, তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সাহায্য ছাড়া ইরানের স্থাপনাগুলোতে সফল হামলা চালানোও তেল আবিবের জন্য কঠিন হবে।  

উপদেষ্টা, সহযোগী ও মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে হওয়া তর্ক-বিতর্কের পর পর ট্রাম্প ইসরায়েলের সামরিক পদক্ষেপে সহায়তা করার বদলে ইরানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন, নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত শনিবার ওমানে আলোচনা হয়েছে। 

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগে কখনোই তেহরানের বৈঠক হয়নি; দুই দেশের কর্মকর্তারাই শনিবারের বৈঠককে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ অ্যাখ্যা দিয়েছেন। 

আসছে শনিবারও দেশদুটির মধ্যে আলোচনার দ্বিতীয় রাউন্ড হওয়ার কথা; এবারের বৈঠক রোমে হতে পারে বলে পরিকল্পনা সম্বন্ধে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।