১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভুল করে’ ৩ জিম্মিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

গাজার উত্তরাংশে শেজাইয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে তারা নিহত হয়। এ ঘটনায় ‘অনুশেোচনা’ প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 10:20 AM

Updated : 16 Dec 2023, 11:08 AM

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনি ছিটমহল গাজায় আক্রমণ পরিচালনার সময় ‘ভুল করে’ তিন জিম্মিকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনী তাদের ‘হুমকি’ বলে মনে করেছিল। 

গাজার উত্তরাংশে শেজাইয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে তারা নিহত হয়। এ ঘটনায় ‘অনুশেোচনা’ প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী।

নিহত তিন জিম্মির নাম ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালন শামরিজ (২৬) বলে জানিয়েছে তারা, খবর বিবিসির।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন প্রাণঘাতী আক্রমণ চালানোর পর প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ওই দিন থেকেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় ভয়াবহ প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল। নভেম্বরের শেষ দিকে জিম্মি মুক্তির শর্তে লড়াইয়ে সপ্তাহব্যাপী ‘বিরতি’ দেওয়া হয়, তখন বেশ কিছু জিম্মি মুক্তি পায়।

তারপরও গাজায় হামাসের হাতে শতাধিক ইসরায়েলি জিম্মি বন্দি অবস্থায় রয়ে যায়। এদের মধ্যেই তিনজন শুক্রবার নিজ দেশের সেনাদের গুলিতে নিহত হলো।  

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার শেজাইয়ায় যে ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

তারা এ ঘটনায় ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করে এক ‘শোচনীয় ঘটনা’ বলে অভিহিত করেছে। নিহতদের পরিবারগুলোর প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছে তারা।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, “আমাদের জাতীয় উদ্দেশ্য নিখোঁজদের খুঁজে বের করা ও সব জিম্মিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা।” 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের মৃত্যুর ঘটনাকে ‘দুঃসহ শোচনীয় ঘটনা’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন জিম্মি নিহতের ঘটনা ঘোষণার পর শত শত মানুষ তেল আবিবের কেন্দ্রস্থলে জড়ো হয়। তারপর তারা মিছিল করে শহরটিতে আইডিএফের সামরিক ঘাঁটির সামনে যায়। সেখানে সমাবেশ করে বাকি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানায়। 

মোমবাতি জ্বালিয়ে ও প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে বিক্ষোভ প্রদর্শন করে তারা। প্ল্যাকার্ডগুলো লেখা ছিল ‘(তাদের) বাড়িতে নিয়ে আসো’ ও ‘এখনই জিম্মি বিনিময় করো!”

নিহত তিনি জিম্মির মৃতদেহ ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেখানে পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।