২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধের প্রতিবাদে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ

এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান নৃশংসতা এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে  মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন ঘটেছে।

গাজায় যুদ্ধের প্রতিবাদে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 08:10 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মালদ্বীপে ইসরায়েলিদের জন্য প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন।

পার্লামেন্টে মঙ্গলবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার একটি প্রস্তাব পাসের পরই প্রেসিডেন্ট মুইজ্জু সেটি অনুমোদন করেন।

এর মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের চলমান নৃশংসতা এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুইজ্জু সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন ঘটেছে বলে জানানো হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে।

এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে বলে জানিয়েছেন মুইজ্জুর কার্যালয়ের এক মুখপাত্র।

সমুদ্রপ্রিয় এবং ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম একটি সুন্দর দেশ মালদ্বীপ। সেখানকার সাদা বালুকা রাশির সমুদ্র সৈকত, নীল পানি, বিলাসবহুল ওয়াটার ভিলা এবং রিসোর্ট দেখার মতো জায়গা।

আরব নিউজ জানায়, মালদ্বীপের সরকারি তথ্যানুযায়ী- গত ফেব্রুয়ারি মাসে মালদ্বীপে ভ্রমণ করা ২১৪,০০০ জন বিদেশি পর্যটকের মধ্যে ছিল মাত্র ৫৯ জন ইসরায়েলি।

ইসরায়েলিদের ওপর মালদ্বীপ ভ্রমণে আগেও নিষেধাজ্ঞা ছিল। তবে ১৯৯০ এর দশকের শুরুর দিকে মালদ্বীপ ইসরায়েলি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয় এবং ২০১০ সালের দিকে দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে অগ্রসর হয়েছিল।

তবে বর্তমানে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরোধিতায় মালদ্বীপ সরকারের মিত্ররাসহ বিরোধীদলগুলো ইসরায়েলিদের ভ্রমণ নিষিদ্ধ করার জন্য প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর চাপ সৃষ্টি করছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ও গতবছর ইসরায়েলি নাগরিকদেরকে মালদ্বীপ ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশনা দেয়।

২০২৩ সালে ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার দিন থেকেই ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।

১৫ মাসের যুদ্ধ শেষে চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্চেই তা ভেঙে পড়ে; এরপর ইসরায়েল নতুন করে গাজা ভূখণ্ডে অভিযানে নামে।

গত মাসে ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে ফের গাজায় অভিযান শুরু করে এই কয়েক দিনেই দেড় হাজারের বেশি মানুষ মেরেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

তেল আবিবের একের পর এক হামলা এরই মধ্যে লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে, তারা এমনকী ভূখণ্ডটিতে মানবিক ত্রাণ সহায়তাও ঢুকতে দিচ্ছে না।