০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ছড়ানোর পর যুবক আটক

ভিডিও করার বিষয়টি টের পেয়ে ওই যুবক 'ভালো করে' ভিডিও করতে বলেন।

গাড়ি থেকে চাঁদা আদায়ের ভিডিও ছড়ানোর পর যুবক আটক
গ্রেপ্তার মো. আশরাফুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 09:48 AM

Updated : 26 Aug 2026, 12:31 PM

ঢাকার ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা নেওয়ার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর সেই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই অভিযান চালিয়ে রাত ১টার দিকে জিগাতলা এলাকা থেকে তাকে ধানমন্ডি থানার হেফাজতে নেওয়া হয়।

২৩ বছর বয়সী ওই যুবকের নাম মো. আশরাফুল। লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাকার নূর আলমের ছেলে আশরাফুল ঢাকার হাজারীবাগ এলাকায় থাকেন।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, "ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করা হয়েছে। তার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওই যুবক রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী দাবি করেন, ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে।

গাড়ি থেকে আশরাফুলের চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল হয়।

গাড়ি থেকে আশরাফুলের চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল হয়।

গাড়ির আরোহী এক পুরুষ ও এক নারীর সঙ্গে বাকবিতন্ডার মধ্যেই চাঁদার টাকা নিচ্ছিলেন ওই যুবক। আরোহীরা 'মাস্তানি' করার অভিযোগ তুললে ওই যুবক পাল্টা প্রশ্ন করেন 'কোনো সমস্যা' কি-না।

ওই যুবকের নাম জানতে চাইলে বলেন, “নাম দিয়ে কি হবে?”

ভিডিও করার বিষয়টি টের পেয়ে ওই যুবক 'ভালো করে' ভিডিও করতে বলেন এবং টাকা নেওয়ার পর 'পারলে কিছু করতে' বলে চলে যান।