লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলা ইরানের নির্দেশে: ইসরায়েল
হিজবুল্লাহর হামলার মুখে লেবানন সীমান্তের ২৮টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইসরায়েল।
ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহর চালানো হামলার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েল।
রোববার লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি গ্রাম শতুলায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে এক বেসামরিক নিহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।
রোববার হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানায়, ইসরায়েলি গ্রাম শাতুলা লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেটি একটি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছিল।
সোমবার এক ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, “দক্ষিণে (গাজায়) আমাদের যুদ্ধ প্রচেষ্টাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে হিজবুল্লাহ বেশ কয়েকটি গোলা হামলা চালিয়েছে, তারা ইরানের নির্দেশে এবং তাদের সমর্থন নিয়ে এসব হামলা চালাচ্ছে।”
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর সীমান্তে হিজবুল্লাহর হামলার মুখে লেবানন সীমান্তের ২ কিলোমিটারের মধ্যে থাকা ২৮টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে তারা।
এর আগে অ্যাডমিরাল হাগারি জানিয়েছিলেন, ইসরায়েল দুই বা ততোধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করার জন্য প্রস্তুত। ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবানন সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি আরও জানান, নয় দিন আগে গাজা ভূখণ্ডের সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলে হামাসের ধ্বংসাত্মক হামলায় অন্তত ২৮৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি গাজায় হামাসের হাতে ১৫৫ জন ইসরায়েলি বন্দি আছেন বলে তাদের পরিবারগুলোকে অবহিত করা হয়েছে।
২০০৬ সালে লেবাননের গেরিলা দল হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের মাসব্যাপী যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে হিবজুল্লাহকে ইরান ব্যাপক সামরিক সহায়তা দিয়েছিল।
ইরান ইসরায়েলকে সতর্ক করে বলেছে, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের অন্য পক্ষগুলো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের উপকূলে থাকা তাদের বিমানবাহী রণতরী বহরগুলোতে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান আছে। ওই অঞ্চলে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া থামাতে প্রয়োজন হলে যেকোনো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাতে যুক্তরাষ্ট্রেরও উল্লেখযোগ্য ক্ষতি হবে।”
আরও পড়ুন:
