রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে বাইডেনকে চাপ ডেমোক্র্যাটদের
রাফায় পূর্ণ মাত্রায় আক্রমণ থেকে ইসরায়েলকে বিরত রাখতে বাইডেন প্রশাসনের প্রতি সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েল যেন পূর্ণ মাত্রার আক্রমণ না চালায়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ সৃষ্টি করেছেন তার নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কিছু প্রতিনিধি।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ২১২ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে ৫৭ জন বুধবার এ সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষর করেছেন।
চিঠিটিতে ফিলিস্তিনি শহরটিতে পূর্ণ মাত্রার আক্রমণ থেকে বিরত থাকতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে বোঝানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গাজা ভূখণ্ডের ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক মিশরের সীমান্তবর্তী শহরটিতে আশ্রয় নিয়ে আছে। সেখানে এ ধরনের কোনো হামলা হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থাগুলোর প্রধানরা।
“রাফায় পূর্ণ মাত্রার আক্রমণ থেকে বিরত রাখার জন্য ইসরায়েলের সরকারের নির্দিষ্ট আক্রমণাত্মক সামরিক সহায়তা দেওয়া (ইতোমধ্যে আইনে পরিণত হওয়া দেয় সহায়তাসহ) অবিলম্বে স্থগিত রাখার জন্য বিদ্যমান আইন ও নীতি প্রয়োগ করতে আমরা আপনার প্রতি আহ্বান জানাই,” চিঠিতে এমনটি বলা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
ডেমোক্র্যাট প্রতিনিধি প্রমীলা জয়পাল ও ম্যাডেলিন ডিন এ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন। এই চিঠির বিষয়ে রয়টার্সের করা মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে সমর্থন দিচ্ছেন বাইডেন। কিন্তু তার এই নিরবিচ্ছিন্ন সমর্থন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায় হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে তরুণ ডেমোক্র্যাটরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে আছেন।
ডেমোক্র্যাট দলীয় প্রাইমারিগুলোতেও এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বাইডেনের উপস্থিতিতে অনেকে এ নিয়ে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। এই ক্ষুব্ধতারই প্রকাশ ঘটেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ফিলিস্তিনপন্থি প্রতিবাদগুলোতে।
আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাইডেন তার পূর্বসূরী রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে। ফলে ইসরায়েলের গাজা যুদ্ধের প্রতি বাইডেনের সমর্থন নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাফায় ইসরায়েলের প্রতিশ্রুত আক্রমণের জন্য তিনি এখনও এমন কোনো পরিকল্পনা দেখেননি যা বেসামরিকদের সুরক্ষা দিতে পারে, তাই ওয়াশিংটন এ ধরনের কোনো আক্রমণে সমর্থন দিতে পারবে না।
