১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষের ‘হিংস্র ঢেউ’ নিয়ে সতর্ক করলেন বাইডেন

ইসরায়েলে ৭ অক্টোবর চালানো হামাসের হামলার ঘটনাটি ‘অনেকে ভুলে গেছে’ উল্লেখ করে বাইডেন  এর নিন্দা করেন।

যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষের ‘হিংস্র ঢেউ’ নিয়ে সতর্ক করলেন বাইডেন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে ও সারা বিশ্বে তার কথিত ইহুদি বিদ্বেষের ‘হিংস্র ঢেউ’ এর বিষয়ে সতর্ক করেছেন।    

মঙ্গলবার ওয়াশিংটন ডিসির হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে হলোকাস্টের বার্ষিক স্মরণানুষ্ঠানে এ সাবধান বাণী উচ্চারণ করেন তিনি। 

তিনি বলেন, “বহু মানুষ হলোকাস্টের ভয়াবহতাকে অস্বীকার করছে, ছোট করছে, এর পক্ষে যুক্তি তুলে ধরছে।”  

ইসরায়েলে ৭ অক্টোবর চালানো হামাসের হামলার ঘটনাটি ‘অনেকে ভুলে গেছে’ উল্লেখ করে বাইডেন (৮১) এর নিন্দা করেন। 

বাইডেন বলেন, “হামাসই ইসরায়েলিদের ওপর নৃশংসতা চালিয়েছে। হামাসই ধরে নিয়ে গিয়ে লোকজনকে জিম্মি করে রেখেছে। আমি ভুলে যাইনি।”   

বিবিসি বলছে, ওই হামলার পর থেকে এটি হামাসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে তীব্র সমালোচনা ছিল। 

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হওয়া ফিলিস্তিনপন্থি প্রতিবাদের সময় কিছু প্রতিবাদকারী ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তৃতা ও বেআইনি আচরণ করেছে উল্লেখ করে তিনি এসবেরও সমালোচনা করেন।  

একটি ‘সংখ্যালঘুকে বলির পাঁঠা ও মন্দ হিসেবে চিত্রিত করা হলে’ সব সংখ্যালঘুকেই হুমকি দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি। 

পুলিশ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীদের বেশ কিছু শিবির ভেঙে দেওয়ার ও বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার পর এ বক্তব্য রাখলেন বাইডেন।

বিক্ষোভকারীরা ঘৃণামূলক বক্তব্য ও ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ উঠলেও প্রতিবাদের আয়োজকরা তা প্রত্যাখ্যান করেছেন। উল্টো তারা ইসলামভীতিমূলক ও বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের যোদ্ধাদের নজিরবিহীন হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়। এর ঠিক সাত মাস পর দেওয়া বক্তৃতায় বাইডেন ওই দিনটিকে হলোকাস্টের পর ইহুদিদের জন্য ‘সবচেয়ে প্রাণঘাতী’ দিন হিসেবে উল্লেখ করেন। 

এই সাত মাসে হামাস শাসিত গাজায় ইসরায়েলের নির্মম হামলায় প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েলের এই হামলায় বাইডেন সমর্থন দিয়ে আসছেন। এতে তার নিজ দল ডেমোক্র্যাটিকে পার্টির মধ্যেই বিভক্তি দেখা দিয়েছে আর কিছু তরুণ মার্কিন ভোটার তার বিরুদ্ধে চলে গেছেন। 

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর গাজা যুদ্ধবিরোধী প্রতিবাদকারীরা ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য বাইডেনের প্রতি দাবি জানিয়েছেন। নিজের বক্তৃতায় বাইডেন আমেরিকানদের প্রতিবাদ ও বিক্ষোভ করার অধিকারের কথা স্বীকার করলেও গাজার নিহতদের কথা উল্লেখ করেননি তিনি।