Published : 14 Jul 2026, 08:44 AM
কিছু সেমি-ফাইনাল স্রেফ পরের ধাপে যাওয়ার সোপান, আবার কিছু সেমি-ফাইনাল আছে, যা ফাইনালেরই প্রতিচ্ছবি। স্পেন বনাম ফ্রান্স ম্যাচটিকে রাখা যায় সেই দ্বিতীয় ক্যাটেগরিতে। এই লড়াইয়ের রসদে আছে ফুটবলার, খেলার ধরণ, ইতিহাস, উত্তেজনা এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, বৈপরীত্য!
এটি শুধু বিশ্বকাপে টিকে থাকা সেরা দুটি দলের লড়াই নয়। খেলার প্রতি সম্পূর্ণ ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গির সাক্ষাতও এটি। স্পেন চায় বলের দখল, মাঠকে ছোট করে আনতে, প্রতিপক্ষের শ্বাসরোধ করে দিতে এবং বলের দখলকে নিয়ন্ত্রণে পরিণত করতে। ফ্রান্স বল ছাড়াও টিকতে পারে, কখনও কখনও বলকে প্রায় উপেক্ষাই করে। কারণ তারা জানে যে, একবার জায়গা তৈরি হলে এবং পিছিয়ে যাওয়া ডিফেন্ডারদের দিকে কিলিয়ান এমবাপে দৌড় শুরু করলে, তারা কী করতে পারে।
এটাই এই সেমি-ফাইনালটিকে এতটা সমৃদ্ধ করেছে। অগোছালো কিছু চাইবে না স্পেন। ফ্রান্সের হয়তো এর খুব বেশি প্রয়োজনও হবে না।
বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলের ক্লান্তিকর জয়ের পর স্পেন এই মঞ্চে এসেছে, যে ম্যাচটি তাদের শক্তি এবং সংশয়, উভয়কেই আরও শক্তিশালী করেছে। ওই ম্যাচে তারা লম্বা সময় ধরে দুর্দান্ত খেলেছে, বিশেষ করে বল হারানোর ঠিক পরেই বল ছাড়া অবস্থায়। বেলজিয়ামের পাল্টা আক্রমণের পরিকল্পনা মূলত জেরেমি ডোকুর ওপর নির্ভরশীল ছিল, তাই তাদের বিপক্ষে স্পেন বিপদটা বুঝতে পেরেছিল। তারা শুধু আক্রমণ করে ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকেনি। বরং তারা ঝাঁপিয়ে পড়েছিল। চাপ সৃষ্টি করেছিল। প্রতিপক্ষের প্রথম পাসটিই রুদ্ধ করে দিয়েছিল। এমরিক লাপোখ্ত এবং পাউ কুবার্সি বেশ ওপরে উঠে, কখনও কখনও প্রায় মাঝমাঠের কাছাকাছি খেলছিলেন, যে কারণে বেলজিয়াম ঠিকমতো পাল্টা আক্রমণ করার আগেই স্পেন খেলাকে সংকুচিত করে বলের দখল পুনরুদ্ধার করতে পারছিল।
এই খুঁটিনাটি ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফ্রান্সকে বলায় বেলজিয়ামেরই আরেকটি সংস্করণ। তবে ফরাসিদের আরও বেশি রসদ, আরও বেশি গতি, আরও বেশি নিশ্চয়তা এবং আরও বেশি ধার। বেলজিয়ামের ছিলেন স্রেফ ডোকু। ফ্রান্সের আছে কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাহডলি বাহকোলা এবং আরও অনেকে, যারা স্পেনের একটি আলগা পাসকে গোলের সম্ভাবনায় রূপ দিতে পারে চোখের পলকে।
বেলজিয়ামের বিপক্ষে স্পেনের ‘কাউন্টারপ্রেস’ যদি ভালো হয়ে থাকে, তবে ফ্রান্সের বিপক্ষে এটিকে করতে হবে প্রায় নিখুঁত ।
এখানেই রদ্রি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারেন। সাধারণ দৃষ্টিতে তিনি যে খুব দর্শনীয়, তা নয়। তবে স্পেনের পুরো খেলাটাই নির্ভর করে তার নীরব কর্তৃত্বের ওপরই। বেলজিয়ামের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল নিখুঁতের কাছাকাছি: বলের আদান-প্রদান, সেন্টার-ব্যাকদের সুরক্ষা দেওয়া, বিপদ আঁচ করা এবং জরুরি পরিস্থিতিতে পড়ার আগেই সঠিক জায়গায় পৌঁছে যাওয়া।
বিশেষ করে, কেভিন ডে ব্রুইনের একটি শট তিনি যেভাবে রুখে দেন- যখন উনাই সিমন অসহায় হয়ে পড়েছিলেন এবং দূর থেকে গোল করার মতো দূরদৃষ্টি ও স্কিল এই বেলজিয়ানের আছে—কিন্তু রদ্রি যোবে ব্লক করে দেন... হাইলাইটস রিলে গোলের মতো সচরাচর জায়গা পায় না এসব। তবে এটিই হয়তো স্পেনের টুর্নামেন্ট বাঁচিয়ে দিয়েছে।
রদ্রি হলেন স্পেনের রক্ষাকবচ। ডিফেন্ডারদের সামনে এগিয়ে যেতে সাহায্য করেন তিনি। ফুল-ব্যাকদের আক্রমণে যোগ দিতে সাহায্য করেন। পেদ্রি, ফাবিয়া রুইস, দানি ওলমো বা তার সামনে যে-ই খেলুক না কেন, তাকে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবতে সাহায্য করেন তিনি। কিন্তু ফ্রান্সের বিপক্ষে, এমনকি তার পজিশনিংও এমনভাবে পরীক্ষায় পড়বে, যেটির সামান্য ইঙ্গিত বেলজিয়াম দিতে পেরেছিল। যদি পেদ্রো পোররো সামনে এবং লামিন ইয়ামাল তার সামনে থাকা অবস্থায় স্পেন বল হারায়, তবে তাদের পেছনের ফাঁকা জায়গাটি ফ্রান্সের জন্য হয়ে উঠবে আমন্ত্রণমূলক। এমবাপের অবশ্য খুব বেশি হাতছানির প্রয়োজনও হয় না!
সেই দ্বৈরথ—বা বলা ভালো, সেই নির্দিষ্ট অঞ্চল—সেমি-ফাইনালের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।
এটিকে ‘এমবাপে বনাম কুবর্সি’ লড়াই বলার একটি প্রবণতা থাকতে পারে। তবে স্পেন এটিকে একটি সাধারণ ‘ওয়ান-অন-ওয়ান’ লড়াই হিসেবে নিলে ভুল করবে। কুবার্সি একজন অসাধারণ তরুণ ডিফেন্ডার, বয়সের তুলনায় অনেক বেশি ধীরস্থির, বল পায়ে সাহসী এবং এর মধ্যো সবচেয়ে কঠিন জায়গাগুলোতে তার ওপর আস্থা রাখা হয়।
কিন্তু ক্লাব ফুটবলের এমবাপের চেয়ে ফ্রান্সের এমবাপে আলাদা। জাতীয় দলে, গুরুত্বের ক্রম স্পষ্ট। সেখানে তিনিই রাজা, মূল কেন্দ্রবিন্দু। তিনিই সেই ফুটবলার, যাকে কেন্দ্র করে বাকি আক্রমণভাগ আবর্তিত হয়। এই ভার তাকে কাবু করার পরিবর্তে বরং আরও বেশি দায়িত্বশীল করে তোলে। তাকে আর প্রমাণ করতে হয় না যে তিনিই দলের মূল ফুটবলার, কারণ এটা আগে থেকেই সবার জানা।
স্পেনের জন্য বার্তাটি হলো, ইগো দিয়ে নয়, এমবাপেকে নিয়ন্ত্রণ করতে হবে খেলার গঠন দিয়ে। পোররো আক্রমণে লামিনের পাশে দাঁড়িয়ে পুরো সময় কাটাতে পারবেন না। রদ্রিকে আড়াআড়িভাবে সরে আসতে হবে। সবচেয়ে কাছের সেন্টার-ব্যাককে কভার দিতে হবে। পাস দেওয়ার আগেই পাসদাতাকে চাপে রাখতে হবে মিডফিল্ডের । স্পেনের জন্য সবচেয়ে বাজে ব্যাপার হতে পারে, এমবাপে বল পেয়ে ঘুরে দাঁড়ানোর পরেই তাকে ডিফেন্ড করা।
স্পেনের অবশ্য নিজস্ব বিস্ময়বালক আছে এবং তাদের নিজস্ব প্রশ্নও আছে। লামিন ইয়ামাল এই বিশ্বকাপে ভালো খেলেছেন, কিন্তু পুরোপুরি সাবলীল নন। এত অল্প বয়সে এত প্রতিভাবান হওয়ার বোঝাটাই এমন অদ্ভুত। স্পেন ক্রমাগত তার দিকে তাকিয়ে থাকে। কখনও কখনও তা প্রয়োজনের চেয়েও বেশি!
বেলজিয়ামের বিপক্ষে এমন কিছু মুহূর্ত ছিল, যখন শট নেওয়ার সুযোগ বা সহজ পাস পেয়েও সতীর্থরা যেন ইয়ামালের দিকেই তাকাচ্ছিল, যেন বিশেষ কিছু তার কাছ থেকেই আসতে হবে! তিনি বারবার তিবো কুর্তোয়ার পরীক্ষা নিয়েছেন এবং বিপদ সৃষ্টি করেছেন। কিন্তু সেরা উইঙ্গারকে ব্যবহার করা এবং তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে।
ফ্রান্স এটা জানে। তারা চেষ্টা করবে তাকে ঘিরে ধরার, তার গতি কমিয়ে দেওয়ার, তার চারপাশের সমর্থনের ওপর নির্ভর করে তাকে ভেতরে বা বাইরে যেতে বাধ্য করবে এবং স্পেনকে অন্য পথ খুঁজতে বাধ্য করবে।
এখানেই স্পেনের বিবর্তন আকর্ষণীয় হয়ে ওঠে।
এটি সেই পুরোনো দিনের নীরস, স্রেফ বল দখলে রাখা দল নয়, যারা রক্ষণভাগের সামনে অবিরাম পাস দিয়ে খেলার দম রুদ্ধ করে দিত। লুইস দে লা ফুয়েন্তের স্পেনের দলে আরও বৈচিত্র্য রয়েছে। তারা লামিন বা নিকো উইলিয়ামসের মাধ্যমে উইং ধরে খেলতে পারে। তারা মিকেল ওইয়ারসাবালকে ‘পিভট’ হিসেবে ব্যবহার করতে পারে। তারা ছুটে আসা ফুটবলারদের সামনে পাঠাতে পারে। প্রতিপক্ষ যখন ভেতরে ঢুকে পড়ে, তখন তারা লম্বা পাস দিতে পারে। তারা ফেররান তরেস বা মিকেল মেরিনোকে মাঠে নামিয়ে খেলার ধরন বদলে দিতে পারে।
বিশেষ করে, মেরিনোকে মনে হয় আধুনিক স্পেনের প্রতীক। তাকে সহজে কোনো শ্রেণিতে ফেলা যায় না। তিনি কি একজন মিডফিল্ডার? একজন ফরোয়ার্ড রানার? একজন ফিক্সার? নাকি দেরিতে মাঠে নেমে হুমকি তৈরি করা ফুটবলার? অতীতের স্প্যানিশ দলগুলোতে তার মতো ফুটবলারদের হয়তো এই মডেলের জন্য যথেষ্ট উপযুক্ত বলে মনে করা হতো না। এখন তাকে অপরিহার্য মনে হয়, কারণ তিনি এই মডেলকে একটি নতুন মাত্রা দেন। ধরে নিতে পারেন, স্পেনের পুরনো চুলের ছাঁট এখনও আছে, কিন্তু পোশাক বদলে গেছে।
এই দলে যাওয়ার কারণেই ফ্রান্স কেবল অপেক্ষা করতে এবং ধরে নিতে পারে না যে, স্পেন পাস দিতে দিতে ক্লান্ত হয়ে পড়বে। স্পেনের বল দখলের দুটি উদ্দেশ্য আছে। হ্যাঁ, এটা সুযোগ তৈরি করে, কিন্তু এটি রক্ষণ সমলায়। যখন স্পেনের কাছে ৬৫ বা ৭০ শতাংশ বল থাকে, তখন তারা শুধু তিন-চারটি গোল করার চেষ্টা করে না। বরং তারা এটা নিশ্চিত করার চেষ্টা করে যে, প্রতিপক্ষ যেন কোনো গোলই করতে না পারে। এটিও আদতে একটি রক্ষণাত্মক ধারণা, যা আক্রমণাত্মক কৌশলের ছদ্মবেশে থাকে: ফ্রান্সের কাছে যদি বল না থাকে, তারা তো দৌড়াতে পারবে না!
সমস্যা হলো, প্রতিপক্ষকে আঘাত করার জন্য বল দখলে রাখার প্রয়োজন খুব একটা হয় না ফ্রান্সের। এটাই ভয়ের কারণ। তাদের কাছে ৩০ শতাংশ বল দখল থাকলেও তারা ম্যাচের সবচেয়ে বিপজ্জনক পাঁচটি মুহূর্ত তৈরি করতে পারে। বেলজিয়ামের মতো নিখুঁত হওয়ার গুণ তাদের আছে। তারা খেলার কিছু সময় প্রায় অবলীলায় পার করে দিতে পারে, কারণ তারা বিশ্বাস করে যে, নির্ণায়ক মুহূর্ত আসবে এবং সেই মুহূর্তটি কাজে লাগানোর মতো ফুটবলার তাদের আছে।
ফ্রান্সের মধ্যে এমন এক আত্মবিশ্বাস আছে, যা অহমের কাছাকাছি, কিন্তু তা অন্তঃসারশূন্য নয়। এটি এমন একটি দলের আত্মবিশ্বাস, যারা জানে যে, তারা যে কাউকে হারাতে পারে। মরক্কোর বিপক্ষে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে হয়নি তাদের। একদিন বাড়তি বিশ্রাম তারা পেয়েছে। তাদেরকে দেখে মনে হয়েছে, তারা নিজেদের মধ্যেই খেলছে এবং কঠিন পরিস্থিতির জন্য শক্তি সঞ্চয় করে রাখছে।
তবে বিশ্বকাপের ইতিহাস বলে, নিজেদের জয়কে অনিবার্য বলে বিশ্বাস করতে শুরু করে যে দলগুলি, তারা এই টুর্নামেন্ট মুখ থুবড়ে পড়ে। ১৯৭৪ সালের নেদারল্যান্ডস, ১৯৮২ সালের ব্রাজিল, অন্যান্য যুগে স্বয়ং ফ্রান্স —এমন সুন্দর, শ্রেষ্ঠ ও আত্মবিশ্বাসী দলে ইতিহাস পরিপূর্ণ, যারা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, যারা তাদের আত্মবিশ্বাসকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। স্পেন ঠিক সেটাই করার চেষ্টা করবে। তারা ফ্রান্সকে আমন্ত্রণ জানাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য, ‘এসো এবং আমাদের ওপর চাপ সৃষ্টি করো’, ‘এসো এবং তোমাদের সেন্টার-ব্যাকদের একা ছেড়ে দাও’, ‘এসো এবং ঝুঁকি নাও’, তারপর দেখা যাবে।
ফরাসি সেন্টার-ব্যাকরা, যারা সম্ভবত ওপরে উঠে ডিফেন্স করতে স্বচ্ছন্দ এবং দ্রুত ফিরে আসতে নিজেদের গতির ওপর আস্থা রাখে, তারা নিজেদেরকে অস্বস্তিকর দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখতে পারে, যদি স্পেন তাদের খেলায় বৈচিত্র্য আনার সাহস দেখায়। দাইয়ু উপামেকানো এবং উইলিয়াম সালিবা ফাঁকা জায়গা রক্ষা করতে পারে, কিন্তু স্পেন সেই ফাঁকা জায়গাকে কাজে লাগানোর চেষ্টা করবে: চাপ আকর্ষণের জন্য ছোট ছোট পাস, তারপর হঠাৎ করে ওইয়ারসাবাল, ওলমো, লামিন বা উইলিয়ামসের কাছে বল পাঠানো। প্রশ্ন হলো, স্পেনের কি যথেষ্ট ধারাল আক্রমণ করার ক্ষমতা আছে? তারা সুযোগ তৈরি করে, তারা বল আদান-প্রদান করে, তারা নিয়ন্ত্রণ করে — কিন্তু তারা কি গোল করতে পারে?
এটাই উদ্বেগের কারণ। ওইয়ারসাবাল এই পদ্ধতির সাথে মানিয়ে যায়, কিন্তু তিনি আর্লিং হলান্ড নযন। ওলমো, তরেস, বায়েনা, মেরিনো — সবাই অবদান রাখতে পারে, কিন্তু কেউই টুর্নামেন্টের জন্য অপ্রতিরোধ্য স্ট্রাইকার নযন। যেকোনো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার মতো প্রতিভা ইয়ামালের আছে, কিন্তু টুর্নামেন্টের আগে স্পেন সম্ভবত যেভাবে কল্পনা করেছিল, সেভাবে এখনও জ্বলে উঠতে পারেননি তিনি।
স্পেনের হয়তো খুব বেশি গোলের প্রয়োজন হবে না; তাদের ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা মূলত নিয়ন্ত্রণ এবং অল্প ব্যবধানে জয় পেয়েছিল। কিন্তু এই ফ্রান্স সাধারণ প্রতিপক্ষের মতো নয়। একটি গোল হয়তো যথেষ্ট হবে না।
ব্যাপারটিকে আরও একটি মাত্রা দিয়েছে সময়টাও। ১৪ই জুলাই, বাস্তিল দিবসে, বল দখল ও ধৈর্যের ওপর গড়া স্পেন দলের বিপক্ষে ফ্রান্সের সেমি-ফাইনাল: এর প্রতীকী তাৎপর্য যেন আপনাআপনিই তৈরি হয়ে যায়। কার দুর্গের পতন হবে? কার পরিকল্পনা টিকে থাকবে?
আশা করা যায়, খেলাটি প্রত্যাশা পূরণ করবে। কখনও কখনও এত বড় ম্যাচগুলো সতর্কতামূলক হয়ে ওঠে, উভয় দলই পরস্পরের ভুলের অপেক্ষায় থাকে। তবে এই ম্যাচটি ভিন্ন মনে হচ্ছে। স্পেন তাদের ধরনের ওপর এতটাই বিশ্বাসী যে, তারা বল ছাড়বে না। ফ্রান্সের আক্রমণভাগের কর্তৃত্ব এতটাই বেশি যে, তারা পুরো সময় লুকিয়ে থাকবে না। ইয়ামাল এবং এমবাপে এখন শুধু ফুটবলার নন; তারা বিশ্বমঞ্চের শিল্পী এবং তারা জানেন যে, তাদের ক্যারিয়ার শুধু পদকের ওপর নয়, বরং কিছু স্মরণীয় মুহূর্তের ওপরও নির্মিত।
এসব কারণেই এই সেমি-ফাইনালটি আসলে ফাইনালের আগের ফাইনাল হয়ে উঠছে। স্পেন খেলাটিকে ছোট, নিয়ন্ত্রিত এবং শ্বাসরোধী করার চেষ্টা করবে। ফ্রান্স এটিকে বড়, উন্মুক্ত এবং ভীতি জাগানিয়া করার চেষ্টা করবে। স্পেনের সেরা সুযোগ হলো বল দখলে রেখে নিজেদের রক্ষা করা, বুদ্ধিমত্তার সঙ্গে চাপ সৃষ্টি করা এবং ফ্রান্সকে তাদের ইচ্ছার চেয়ে বেশি সময় ধরে রক্ষণে বাধ্য করা। ফ্রান্সের জন্য সেরা সুযোগ হলো সেই কঠিন সময়গুলো সামলে নেওয়া, স্পেনের একটি ভুলের জন্য অপেক্ষা করা এবং তারপর টুর্নামেন্টের দ্রুততম ও সবচেয়ে বিধ্বংসী খেলোয়াড়কে ফাঁকা জায়গায় বল দেওয়া।
হয়তো একটি আলগা পাস, রদ্রির একটি স্পর্শ, ইয়ামালের একটি ড্রিবল, বা এমবাপের একটি ক্ষিপ্র গতির ওপরই সবকিছু নির্ভর করবে। কিন্তু এই মুহূর্তগুলোর আড়ালেই রয়েছে আসল লড়াই: নিয়ন্ত্রণ বনাম বিস্ফোরণ, শৃঙ্খলা বনাম শ্রেষ্ঠত্ব, স্বকীয়তা বনাম অবশ্যম্ভাবিতা।
স্পেন বল নিয়ে আসবে।
ফ্রান্স ভয় নিয়ে আসবে।
মঙ্গলবার রাতে, এই বিশ্বাসগুলোর একটিই হয়তো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেবে একটি দলকে।