Published : 14 Jul 2026, 12:28 PM
কুমিল্লায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক যাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ‘রাহাত ফিলিং স্টেশনের’ সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানিয়েছেন।
নিহত ২৮ বছর বয়সী ইমরান গাজী চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে।
ওসি আবদুল মমিন বলেন, “চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের একটি বাসকে ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়।
“এতে মদিনা পরিবহনের বাসটির সামনের অংশ এবং সিডিএম পরিবহনের বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় সিডিএম পরিবহনের যাত্রী ইমরান গাজী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও অন্তত দশজন যাত্রী আহত হন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, নিহতের লাশ এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।